নোয়াখালীতে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ী-সেনবাগ সড়কের কার্পেটিংয়ের কাজে অনিয়ম ও নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে। এতে সড়কটি কত দিন স্থায়ী হবে, তা নিয়েও প্রশ্ন উঠেছে।গত শনিবার সরেজমিন সড়কটির কানকিরহাট এলাকায় গিয়ে দেখা গেছে, ইট-বালির খোয়া রোলার মেশিন দিয়ে ভালোভাবে না পিষে তার ওপরই পাথর দিয়ে কার্পেটিং করা হচ্ছে। কার্পেটিংয়ের এক দিন আগে ইট-বালির খোয়ার ওপর এক ধরনের তেল ও বিটুমিনের আস্তর দেওয়ার কথা থাকলেও এ ক্ষেত্রে তা মানা হচ্ছে না। এ ছাড়া ইটের খোয়াগুলোও অত্যন্ত নিম্নমানের।এ সময় প্রকল্প এলাকায় ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বশীল কোনো প্রতিনিধি, দাতা সংস্থা ও সওজের কোনো তদারকি কর্মকর্তাকে পাওয়া যায়নি। কানকিরহাট এলাকার মো. সেলিমসহ বেশ কয়েকজন জানান, সওজের লোক ঠিকমতো কাজের তদারকি করতে আসে না। ঠিকাদারের শ্রমিকেরা তাঁদের ইচ্ছামতো কাজ করছেন। নির্মাণকাজে নিয়োজিত এক শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে জানান, সুপারভাইজার তাঁদের যেভাবে কাজ করার পরামর্শ দেন, তাঁরা সেভাবেই করেন।সওজের নোয়াখালী কার্যালয় সূত্রে জানা গেছে, সোনাইমুড়ী পূর্ববাজার থেকে কানকিরহাট বাজার পর্যন্ত ১১ কিলোমিটার এই সড়ক নির্মাণের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ইউনুস অ্যান্ড ব্রাদার্স। ২০০৮ সালের আগস্টে এডিবির অর্থায়নে সড়কটির নির্মাণকাজ শুরু হয়। সূত্র জানায়, কার্যাদেশ অনুযায়ী এক বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা। কাজের মেয়াদ শেষ হয় গত ১৩ জুন। এখনো কাজ শেষ হয়নি। তবে মাসখানেকের মধ্যে শেষ হতে পারে।প্রকল্পের কাজ তদারকির দায়িত্বে থাকা এডিবির পরামর্শক নাছির আহম্মেদ দাবি করেন, আরও কয়েকটি স্থানের কাজ দেখাশোনা করার কারণে তিনি সারাক্ষণ ওই প্রকল্প এলাকায় থাকতে পারেন না। তিনি থাকাকালে প্রকল্পের নিয়ম অনুসারে কাজ আদায় করে নিয়েছেন। এ ছাড়া শনিবার রোলার মেশিন দিয়ে ইটের খোয়া না বসানোর কারণে তিনি কিছু অংশের কাজ বন্ধ করে দিয়েছেন।ইউনুস অ্যান্ড ব্রাদার্সের প্রকল্প নির্বাহী মমিনুল হক চৌধুরী মুঠোফোনে দাবি করেন, কাজে কোনো অনিয়ম করা হয়নি। যথাযথ নিয়ম ও প্রক্রিয়া অনুসারণ করেই তাঁরা সড়কটির নির্মাণকাজ প্রায় শেষ করে এনেছেন।সওজ, নোয়াখালী নির্বাহী প্রকৌশলী শ্যামল কান্তি ভট্টাচার্য জানান, প্রকল্পের কাজ তদারকির জন্য এডিবির একজন পরামর্শক সার্বক্ষণিক থাকার কথা। এর পরও তিনি ইতিমধ্যে একজন প্রকৌশলীকে সড়কটির নির্মাণে ত্রুটি-বিচ্যুতি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।