নোয়াখালীতে সড়ক ভেঙে পড়ছে খালে
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার খাসেরহাট-বাঁশখালী সড়কের হাজীপুর ও চরবাটা এলাকার অংশে ভাঙন দেখা দিয়েছে। এ অবস্থায় সড়কটি দিয়ে যানবাহন চলাচল বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সরেজমিনে দেখা গেছে, পাকা সড়কটির হাজীপুর ও চরবাটা এলাকায় প্রায় দেড় কিলোমিটার অংশ পাশের খালে ভেঙে পড়েছে। একেকটি ভাঙন দেখে মনে হয়, এ বুঝি মরণফাঁদ। এ ছাড়া সড়কের বিভিন্ন স্থানে রয়েছে আরও ভাঙনের ফাটল। যেগুলো যেকোনো মুহূর্তে পাশের খালে ভেঙে পড়তে পারে। এ অবস্থার মধ্যেও সড়কটি দিয়ে পিকআপ ভ্যান, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করতে দেখা যায়। স্থ্থানীয় বাসিন্দারা জানান, দেড় বছর আগে সড়কটি পাকা করা হয়। কিন্তু পাকা করার আগে সড়কের পাশের খালে সম্ভাব্য ভাঙন প্রতিরোধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। অটোরিকশাচালক মো. শরিফ ও রিকশাচালক রহিম উল্লা প্রথম আলোকে বলেন, এ সড়কটি দিয়ে বাংলাবাজার, বাঁশখালী স্লুইস বাজার ও ভূমিহীন বাজারে সহজে যাতায়াত করা যেত, সময়ও লাগত অনেক কম। কিন্তু বর্তমানে সড়কটির যে অবস্থা, তাতে জীবনবাজি রেখে যাতায়াত করতে হয়। তাই তাঁরা জরুরি ভিত্তিতে সড়কটির ভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপসহ সংস্কারের দাবি জানান। জানতে চাইলে সড়কটির দুরবস্থার কথা স্বীকার করেন সুবর্ণচর উপজেলা প্রকৌশলী মো. এমদাদুল হক। তিনি প্রথম আলোকে বলেন, সড়কটির খারাপ অবস্থার কথা শোনার পর তিনি কয়েক দিন আগে নিজেই সরেজমিন সড়কটি পরিদর্শন করে সংস্কারের প্রয়োজনীয়তা ও গুরুত্ব উল্লেখ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করেছেন। তবে এখন পর্যন্ত সড়কটির সংস্কারে কোনো অর্থ বরাদ্দ পাওয়া যায়নি।