নোয়াখালীতে সড়ক সংস্কারের দাবিতে অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়ক সংস্কারের দাবিতে শহরের প্রধান সড়ক অবরোধ করে রেখেছেন ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

আজ সোমবার সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী সোনাপুর জিরো পয়েন্ট ও লিংক রোডের মাথায় সড়কের ওপর বসে অবরোধ সৃষ্টি করেন। বেলা সোয়া ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছিল।

অবরোধের কারণে নোয়াখালী শহরের সঙ্গে ঢাকা-চট্টগ্রামসহ সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরাও একাত্মতা প্রকাশ করেন। এ সময় কয়েকজন শিক্ষক আন্দোলনে সমর্থন জানিয়ে বক্তৃতা দেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয় সড়ক সংস্কারকাজ শুরুর বিষয়ে জেলা প্রশাসক ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলীকে অবরোধস্থলে গিয়ে লিখিত অঙ্গীকারনামা দিতে হবে। তা না হলে অবরোধ চলবে।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরিফ প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীদের দাবি অনুযায়ী জেলা প্রশাসক ও এলজিইডির নির্বাহী প্রকৌশলীর অবরোধস্থলে যাওয়ার কথা রয়েছে।’ অবরোধকারী শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

আন্দোলনরত শিক্ষার্থীদের কয়েকজন প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের সড়কটি এতই বেহাল যে হেঁটেও ক্যাম্পাসে যাতায়াত করা কষ্টকর। সড়কটি সংস্কারের দাবিতে কয়েক মাস ধরে তাঁরা আন্দোলন করে আসছেন। কিন্তু এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। তাই বাধ্য হয়ে তাঁরা সড়ক অবরোধের কর্মসূচি দিয়েছেন।

কয়েকজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য, শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে স্থানীয় ব্যবসায়ী, পরিবহন শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন একাত্মতা জানিয়েছেন।