নোয়াখালীতে সড়কে ডাকাতির সময় চারজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সদর উপজেলার ঠেকারহাট-বৈকণ্টপুর সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতির সময় গত মঙ্গলবার রাতে চার ডাকাতকে ধারালো অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটক ডাকাতরা হলেন বেগমগঞ্জ উপজেলার রামেশ্বরপুর গ্রামের আবদুশ শাকুর (২৬), শাহজাহান মন্টু (২৮), বাবুল (২০) ও উত্তর আমিরপুর গ্রামের জাকের হোসেন মুন্না (২৮)। তাঁদের মধ্যে শাকুর ও বাবুল জেলা শহর মাইজদীর চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার অভিযোগপত্রভুক্ত আসামি।সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে ঠেকেরহাট বাজারের স্বর্ণ শিল্পালয়ের মালিক রাজিব চন্দ্র কুরি দোকান থেকে মটরসাইকেলযোগে ওই সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। পথে চরমটুয়া ইউনিয়নের ব্রাক্ষ্মপুর গনকপাড়া কালভার্টের ওপর চার-পাঁচজন ডাকাত তাঁর পথরোধ করে। এরপর ডাকাতরা কালভার্টের ওপর সিএনজি চালিত অটোরিকশা আড়াআড়ি করে রেখে তাঁর কাছ থেকে নগদ টাকা ও মটরসাইকেল ছিনিয়ে নেয় এবং বেদম মারধর করে। এ সময় রাজিবের চিত্কারে আশপাশের লোকজন ধাওয়া করে চার ডাকাতকে গণপিটুনি দেয়। খবর পেয়ে সুধারাম থানার পুলিশ গণপিটুনিতে আহত ডাকাতদের থানায় নিয়ে আসে।