নোয়াখালীতে সড়কের বৃক্ষনিধনের প্রতিবাদে মানববন্ধন
নোয়াখালীর মাইজদী বাজার-ছয়ানী-চন্দ্রগঞ্জ সড়কের বৃক্ষনিধনের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এতে বক্তারা বন বিভাগের বৃক্ষনিধন সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান।বিভিন্ন সূত্রে জানা গেছে, বন বিভাগ সমপ্রতি ওই সড়কের পাশের মাত্র ১৫ বছর বয়সী কয়েক হাজার বৃক্ষ কেটে ফেলার উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে বেশ কিছু গাছ কেটেও ফেলা হয়েছে। এতে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠে। তিনটি সামাজিক সংগঠন গ্রিনব্রাইট ছয়ানী, স্কাইভিউ ফাউন্ডেশন ও ছয়ানী ছাত্রছাত্রী কল্যাণ পরিষদ গতকাল ছয়ানী বাজারে মানববন্ধনের আয়োজন করেন। এতে বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ অংশ নেয়।বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তারা সামাজিক বনায়নের নামে স্বল্পকালীন মেয়াদে বৃক্ষরোপণের নীতিমালা পরিবর্তন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তাঁরা বলেন, বৃক্ষরোপণের নির্দিষ্ট সময় পর আবার কেটে ফেলা হলে সেখানে বৃক্ষশূন্যতা দেখা দেয়। এতে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়। তাঁরা আরও বলেন, সরকার এভাবে বৃক্ষনিধন না করে সামাজিক বনায়নের অংশীদারদের সমপরিমাণ মূল্যের অর্থ পরিশোধ করে পরিবেশ ধ্বংসকারী কাজ থেকে বেরিয়ে আসতে পারে। মানববন্ধনে মোকারম হোসেন, আশরাফ আলী, জাকের হোসেন প্রমুখ বক্তব্য দেন।