‘প্রায় আড়াই একর জমিতে এবার সয়াবিন চাষ করেছি। প্রথম দুই দফায় বপন করা বীজ থেকে চারা আসেনি। তৃতীয় দফায় বপন করা বীজ থেকে চারা গজিয়েছে। প্রথম দিকে সবুজ সয়াবিনের খেত দেখলে মন ভরে যেত। কিন্তু এখন মন ভরে ওঠে বিষণ্নতায়। কারণ, খেতে পোকা আক্রমণ করেছে।কথাগুলো নোয়াখালীর সুবর্ণচরের চর জুবলী গ্রামের কৃষক মোহাম্মদ হোসাইনের। শুধু মোহাম্মদ হোসাইন নন, নোয়াখালীর সুবর্ণচর ও সদর উপজেলার অনেক প্রান্তিক ও বর্গাচাষি রয়েছেন, যাঁরা খেতে পোকার আক্রমণের কারণে চরমভাবে হতাশ হয়ে পড়েছেন। এর মধ্যে যাঁদের সাধ্য আছে তাঁরা বাজার থেকে কীটনাশক কিনে পোকা দমনের চেষ্টা চালাচ্ছেন।সমপ্রতি সরেজমিনে সুবর্ণচরের চরজুবলী, চরবাটা, পূর্ব চরবাটা, চর আমান উল্লা, হাজীপুরসহ কয়েকটি এলাকা ঘুরে দেখা যায়, সবুজে ভরা সয়াবিন খেতের গাছ পোকার আক্রমণে মরে যাচ্ছে। কোনো কোনো গাছের পাতা পোকায় খেয়ে ফেলেছে। আবার কোনোটির পাতা মুড়িয়ে মরে যাচ্ছে। একই অবস্থা দেখা গেছে সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের বিভিন্ন সয়াবিন খেতেও।মধ্যম চরবাটার কৃষক অজি উল্লা প্রথম আলোকে বলেন, তিন-চার বছর ধরে তিনি সয়াবিন চাষ করছেন। এ বছরের মতো পোকার আক্রমণ আর কখনো দেখা যায়নি। এবার তিনি চাষ করেছেন ৬৪ শতাংশ জমিতে। যার বেশির ভাগ এরই মধ্যে পোকার আক্রমণে নষ্ট হয়ে গেছে। তিনি বলেন, কীটনাশক বিক্রেতাদের পরামর্শে একবার কীটনাশকও ছিটিয়েছেন, কিন্তু খুব বেশি কাজ হয়নি।জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্র জানায়, এ বছর জেলার দুটি উপজেলায় ১৬ হাজার ২৬৮ হেক্টর জমিতে সয়াবিনের চাষ হয়েছে। এর মধ্যে সুবর্ণচর উপজেলায় চাষ হয়েছে আট হাজার পাঁচ হেক্টর, আর সদর উপজেলায় চাষ হয়েছে নয় হাজার ৫০ হেক্টর। এর মধ্যে সুবর্ণচর উপজেলার প্রায় এক হাজার হেক্টর জমিতে বিচা পোকা ও লেদা পোকা আক্রমণ করেছে এবং কিছু কিছু জমিতে পাতা মোড়ানো রোগ দেখা দিয়েছে।সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, যেসব এলাকায় সয়াবিন খেতে পোকার আক্রমণ দেখা দিয়েছে, সেসব এলাকার কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে। যে কারণে এরই মধ্যে পোকার আক্রমণ কমতে শুরু করেছে।