নোয়াখালীতে হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে দিনমজুর সোহাগ হত্যা মামলায় পাঁচ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) এ এন এম মোর্শেদ খান এ দণ্ডাদেশ দেন।
আদালত সাজাপ্রাপ্ত আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাস করে কারাদণ্ড দেন। এ ছাড়া মামলার তিন আসামিকে খালাস দিয়েছেন আদালত।
কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নোয়াখালী শহরের হরিনারায়ণপুর এলাকার আবু তাহের, সোহাগ আহমেদ, আবদুর রহমান, দ্বীন ইসলাম ও জামাল উদ্দিন। তাঁদের মধ্যে আবু তাহের ও জামাল উদ্দিন এবং খালাসপ্রাপ্ত আমিনুল ইসলাম, নুরুল ইসলাম ও সফি আহমেদ মাস্টার আদালতে উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, ২০০৩ সালের ৪ আগস্ট হরিনারায়ণপুর এলাকার মো. সোহাগ (১৮) একই এলাকার আকবর হোসেনের কাছে মজুরির পাওনা ৯০ টাকা চাইলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সোহাগ আকবরকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এ ঘটনায় আকবরের লোকজন সোহাগকে পিটিয়ে ও বৈদ্যুতিক শক দিয়ে হত্যা করে। সেদিন সোহাগের বড় ভাই আবদুল কাইয়ুম আটজনকে আসামি করে সুধারাম থানায় হত্যা মামলা করেন।
সূত্র জানায়, মামলাটি প্রথমে সুধারাম থানার পুলিশ ও পরে জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত করে। সর্বশেষ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলার তদন্ত করে।