নোয়াখালীতে হত্যার ঘটনায় মামলা, পাঁচ যুবক কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগে দেলোয়ার হোসেন ওরফে দেলু (৩৮) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে।
গত মঙ্গলবার রাতে নিহত ব্যক্তির স্ত্রী সেতারা বেগম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এদিকে মামলায় ঘটনার সঙ্গে জড়িত স্থানীয় লোকজনের হাতে আটক পাঁচ যুবককে গতকাল বুধবার নোয়াখালীর বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আটক ওই পাঁচ যুবক হলেন পার্শ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের কবির হোসেন (২০), কিসমত করিমপুর গ্রামের মো. রকি (২০), রসুলপুর গ্রামের সাইফুল ইসলাম (১৮), উত্তর হাজীপুর গ্রামের মো. রসুল প্রকাশ রাজু (১৯) ও সোনাইমুড়ী উপজেলার অম্বনগর গ্রামের আকবর হোসেন প্রকাশ অন্তর (১৮)।
শায়েস্তানগর গ্রামের দেলোয়ার হোসেনের বাড়ির জায়গার সীমানা নিয়ে তাঁর চাচাতো ভাই মো. মোস্তফার সঙ্গে বিরোধ চলছে। গত সোমবার বিকেলে সীমানায় থাকা গাছের ঝরে পড়া পাতা কুড়াতে গেলে দেলোয়ারের স্ত্রীর সঙ্গে মোস্তফার স্ত্রী নাজমা আক্তারের সামান্য ঝগড়া হয়। যার জের ধরে নাজমার বাপের বাড়ি বেগমগঞ্জ এলাকার একদল সন্ত্রাসী মঙ্গলবার দুপুরে দেলোয়ারকে কুপিয়ে হত্যা করে। জানতে চাইলে মামলা দায়ের হওয়ার কথা নিশ্চিত করেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম।