নোয়াখালীতে হরতালের পক্ষে শিবিরের মিছিল ককটেল বিস্ফোরণ
নোয়াখালী জেলা শহরের দত্তেরহাট ও সেনবাগ উপজেলা সদরে হরতালের পক্ষে গতকাল রোববার বিকেলে ঝটিকা মিছিল করেছেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় তাঁরা সেনবাগ শহরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে চারটার দিকে শিবিরের ৫০-৬০ জনের একদল কর্মী হরতালের পক্ষে সেনবাগ শহরের পূর্ব বাজার থেকে ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি বাজার প্রদক্ষিণ করার সময় শিবিরের কর্মীরা বেশ কিছু ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। অনেক ব্যবসায়ী এ সময় দোকানপাট বন্ধ করে ফেলেন, পথচারীরা দিগ্বিদিক ছোটাছুটি করেন। এ ঘটনায় পুলিশ মো. শাহীন (২৫) নামের শিবিরের এক কর্মীকে আটক করেছে। অন্যদিকে, প্রায় একই সময়ে জেলা শহর মাইজদীর দত্তেরহাট এলাকায় ৭০-৮০ জনের একদল শিবিরের কর্মী ঝটিকা মিছিল বের করে মাইজদী-সোনাপুর সড়ক প্রদক্ষিণ করেন।