নোয়াখালীতে হাজারো শিক্ষার্থীর মাদককে ‘না’ বলার শপথ
‘মাদককে না বলুন, আসুন মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন’ এই স্লোগানে নোয়াখালীতে গতকাল শনিবার মাদকবিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিন শতাধিক শিক্ষার্থী মাদককে ‘না’ বলার শপথ নেয়। জেলার সোনাইমুড়ী, সেনবাগ ও চাটখিল উপজেলায়ও একই কর্মসূচি পালিত হয়। ওই তিন উপজেলায় সহস্রাধিক শিক্ষার্থী মাদককে ‘না’ বলার শপথ নেয়।সকালে সদর উপজেলার হরিনারায়ণপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর বিদ্যালয়ের মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আতাউর রহমান। সভায় অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার কামরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর হাবিবুল বাসার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও নোয়াখালীর পরিদর্শক শরীয়ত উল্লা বক্তব্য দেন।চাটখিল উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মাঠে আলোচনা সভায় ইউএনও এস এম শাহীন পারভেজ সভাপতিত্ব করেন। এতে সবাই চাটখিলকে মাদকমুক্ত করার অঙ্গীকার করেন।