নোয়াখালীতে হামলা ভাঙচুরের পৃথক ঘটনায় নারীসহ আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জে হাজীপুর ও রসুলপুর ইউনিয়নে পৃথক হামলা-ভাঙচুর ও বোমাবাজির ঘটনায় দুই নারীসহ তিনজন আহত হয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে এ দুটি ঘটনা ঘটে।হামলায় আহত ব্যক্তিদের মধ্যে হাজীপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের কোহিনূর আক্তার ওরফে তানিয়া (১৮) ও তাঁর মা ফিরোজা বেগমকে (৩৭) বেগমগঞ্জের ১০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।রসুলপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় যুবলীগ নেতা মিজানুর রহমান ওরফে হাসান বলেন, শুক্রবার রাত আনুমানিক আড়াইটার দিকে দুটি সিএনজিচালিত অটোরিকশায় চড়ে অজ্ঞাতনামা একদল দুর্বৃত্ত এসে হঠাৎ তাঁর বাড়িতে হানা দেয়।দুর্বৃত্তরা এসে তাঁর বসতঘরের টিনের বেড়া ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। এ সময় তিনি দরজা খুলে ঘর থেকে বের হওয়া মাত্র তাঁর মাথায় দুর্বৃত্তরা লাঠি দিয়ে আঘাত করে। এ সময় তিনি চিৎকার দিলে দুর্বৃত্তরা বিকট শব্দে একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পরে তিনি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।মিজানুর রহমান অভিযোগ করেন, ‘তাঁর এক খালুর সঙ্গে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছে। তিনি ধারণা কারছেন, ওই বিরোধের জের ধরে তাঁর বাড়িতে ওই হামলা চালানো হতে পারে।’অপর দিকে শুক্রবার বিকেলে হাজীপুর গ্রামের শ্বশুরবাড়ি থেকে স্ত্রী কোহিনূর বেগমকে আনতে যান চৌমুহনী শহরের গোলাবাড়িয়া এলাকার খোরশেদ আলম। এ নিয়ে কোহিনূর ও তাঁর মায়ের সঙ্গে খোরশেদ আলমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে খোরশেদ আলম শ্বশুরবাড়ি থেকে ফিরে আসেন।কোহিনূরের চাচা নাছির উদ্দিন অভিযোগ করেন, বিকেলের ঘটনার পর রাত নয়টার দিকে কয়েকটি মোটরসাইকেলযোগে কোহিনূরের স্বামী খোরশেদ আলম লোকজন নিয়ে শ্বশুরবাড়িতে গিয়ে হামলা-ভাঙচুর চালান। এতে কোহিনূর ও তাঁর মা ফিরোজা বেগম গুরুতর আহত হন।বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজিম উদ্দিন বলেন, দুটি ঘটনাস্থলই পুলিশ পরিদর্শন করেছে। হাজীপুরের ঘটনার বিষয়ে দুই পক্ষ দুটি অভিযোগ করেছে। অপর ঘটনায় বিকেল পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।