নোয়াখালীতে হামলায় আহত যুবদল কর্মীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ দলের অবরোধ চলাকালে গত বুধবার রাতে নোয়াখালীতে দুর্বৃত্তদের হামলায় আহত যুবদলের কর্মী মো. সোহাগ (৩২) মারা গেছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত সোহাগ সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের হায়দর মিয়ারহাট এলাকার বাসিন্দা। তিনি যুবদলের স্থানীয় কর্মী বলে জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আলম খান প্রথম আলো ডটকমকে নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের সাহেবেরহাট এলাকার ভূইয়ার দিঘিরপাড়ে যুবদলের কর্মী মো. সোহাগকে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।

জানতে চাইলে সোহাগের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার। তিনি বলেন, ঘটনার বিষয়ে থানায় আজ সকাল পর্যন্ত কেউ লিখিত কোনো অভিযোগ করেনি।