নোয়াখালীতে হিজবুত তাওহীদের ছয় সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের সোনাকান্দি গ্রাম থেকে গত মঙ্গলবার হিজবুত তাওহীদের পাঁচ নারী সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে ওই দিন সন্ধ্যায় ওই নারী সদস্যদের বাড়ি ঘেরাও ও ভাঙচুর করেছে স্থানীয় ক্ষুব্ধ জনতা। খবর পেয়ে পুলিশ ক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি এবং কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে ১০-১২ ব্যক্তি আহত হন। ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রহমান জানান, ওই নারীরা সোনাকান্দি গ্রামের এক ব্যাংক কর্মকর্তার ওই বাড়ি ভাড়া করে আশপাশের লোকজনকে খ্রিষ্টান ধর্ম গ্রহণে উদ্বুদ্ধ করছেন বলে এলাকায় গুজব ছড়িয়ে পড়ে। এতে এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার সন্ধ্যায় বাড়িটি ঘিরে ফেলে। তাৎক্ষণিকভাবে তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে ফোন করে দাঙ্গা পুলিশের ব্যবস্থা করতে অনুরোধ করেন।পরে সন্ধ্যা সাতটার দিকে উপপরিদর্শক (এসআই) আবুল কাশেমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গেলে খ্রিষ্টানদের বাঁচাতে পুলিশ এসেছে এমন গুজব ছড়িয়ে পড়ে। লোকজন পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। একপর্যায়ে পুলিশ শটগান থেকে ছয়টি ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের চারটি শেল নিক্ষেপ করে। এ সময় পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষে ১০-১২ জন আহত হয়। পুলিশও ওই বাড়ির ভেতর আটকে পড়ে। পরে রাত একটার দিকে পুলিশ সুপার হারুন-উর-রশিদ হাযারী পুলিশ লাইন থেকে দাঙ্গা পুলিশ নিয়ে সেখানে যান। দাঙ্গা পুলিশ উত্তেজিত জনতাকে লাঠিপেটা করে সরিয়ে দিয়ে ওই ছয়জনকে গ্রেপ্তার করে। নিরাপত্তার কারণে তাঁদের সেনবাগ থানায় না নিয়ে সুধারাম থানায় নিয়ে আসা হয়।কোহিনুর বেগম বলেন, তাঁরা সংগঠনের পক্ষ থেকে ইসলাম ধর্মই প্রচার করছিলেন। কিন্তু স্থানীয় আলেম সমাজের কতিপয় ব্যক্তিসহ এলাকার লোকজন তাঁদের বিরোধিতা করে এবং সর্বশেষ কয়েক হাজার লোক লাঠিসোঁটা নিয়ে মঙ্গলবার রাতে তাঁদের বাড়িতে হামলা চালিয়ে মালামাল লুট করে। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।