নোয়াখালীতে ২৮ দিন পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়ার ২৮ দিন পর স্কুলছাত্র সিরাজুল ইসলাম ওরফে মিরনের (১৪) গলিত লাশ উদ্ধার করেছে নোয়াখালীর সুধারাম (সদর) থানার পুলিশ।
গত শনিবার সন্ধ্যায় স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার নেয়াজপুর ইউনিয়নের মাছিমপুর গ্রামের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
উদ্ধার করা লাশটি ময়নাতদন্তের জন্য গতকাল রোববার সকালে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত সিরাজুল উপজেলার নেয়াজপুর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র এবং মাছিমপুর গ্রামের মেজবাহ উদ্দিন ওরফে গোলাপের ছেলে। গত ১৮ জানুয়ারি সন্ধ্যার পর থেকে সিরাজুল নিখোঁজ ছিল বলে পুলিশ জানায়।
মিরনের চাচা শাহাব উদ্দিন জানান, গত ১৮ জানুয়ারি সন্ধ্যায় পড়ার টেবিল থেকে সিরাজুলকে সহপাঠি মাসুদ, আল-আমিন, সহিদ উল্লা ও নাহিদ ডেকে নিয়ে যায়। এরপর রাতে বাড়ি ফিরছে না দেখে সিরাজুলের বাবা সহপাঠিদের বাড়িতে গিয়ে খোঁজ করে কোনো সদুত্তর পাননি। পরদিন সহপাঠিরা সবাই এলাকা ছেড়ে পালিয়ে যায়।
এরপর গত ২৮ দিন ধরে বিভিন্ন স্থানে খোঁজ করেও সিরাজুলের কোনো সন্ধান পাওয়া যায়নি। হঠাৎ গত শনিবার সন্ধ্যার কিছুক্ষণ আগে একই গ্রামে সিরাজুলের সহপাঠিদের বাড়ির পাশে আবদুল হক নামের এক শিশু আগাছা পরিষ্কার করতে গিয়ে একটি গলিত লাশ দেখে চিৎকার দেয়। আশপাশের লোকজন এবং সিরাজুলের বাবা গিয়ে পরনের কাপড় দেখে লাশ শনাক্ত করেন। এরপর থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
জানতে চাইলে নিখোঁজ স্কুলছাত্রের গলিত লাশ উদ্ধারের কথা নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. নিজাম উদ্দিন। প্রথম আলোকে তিনি বলেন, এ ঘটনায় নিহত স্কুলছাত্রের বাবা বাদী হয়ে থানায় চারজনের নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।