নোয়াখালীতে ৩০টি দোকান পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি দোকান পুড়ে গেছে। গত রোববার দিবাগত রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চৌমুহনী, মাইজদী, সোনাইমুড়ী ও লক্ষ্মীপুর ফয়ার সার্ভিস স্টেশনের চারটি ইউনিট দীর্ঘ প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, রোববার দিবাগত রাত তিনটার দিকে চৌমুহনী রেলগেটের কাছাকাটি ডিবি রোডের উত্তর পাশে একটি মিষ্টির দোকানের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে খাবারের দোকান, মিষ্টির দোকান, বৈদ্যুতিক সরঞ্জামের দোকান, মুঠোফোনের দোকান, মুদি দোকান, বিভিন্ন পণ্যের আড়তসহ কমপক্ষে ৩০টি দোকান পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন চৌমুহনী বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী।
ফায়ার সার্ভিসের চৌমুহনী স্টেশনের কর্মকর্তা মো. সালাউদ্দিন বলেন, তাঁদের হিসাবে ২৮টি দোকান পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি। তদন্তের পর এ বিষয়ে নিশ্চিত করে বলা যাবে।