
গুপ্তহত্যার প্রতিবাদে ‘জাগো মানবতা’ স্লোগানে নোয়াখালীতে গতকাল শনিবার দুপুরে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের জেলা শাখার উদ্যোগে শহরের টাউন হল মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি পালন উপলক্ষে গতকাল সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে পূজা উদ্যাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, ছাত্র-যুব ঐক্য পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা টাউন হলের মোড়ে সমবেত হতে থাকেন। দুপুরে তাঁরা সেখানে মানববন্ধন ও সমাবেশ করেন। এতে সভাপতিত্ব করেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি সুধীর রঞ্জন সাহা। বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক বিনয় কিশোর রায়, জেলা পূজা উদ্যাপন পরিষদের কোষাধ্যক্ষ তপন কুমার মজুমদার, যুগ্ম সম্পাদক কিশোর চন্দ্র শীল, বাবুল কান্তি মজুমদার, তপন ঘোষ প্রমুখ।
বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে একটি সাম্প্রদায়িক গোষ্ঠী সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের বেছে বেছে হত্যা করছে, যার সর্বশেষ শিকার পাবনার একটি আশ্রমের সেবায়েত নিত্যরঞ্জন পান্ডে। এভাবে একের পর এক হত্যা ও গুপ্তহত্যার মাধ্যমে ওই গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করে তুলতে চাইছে। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ যেভাবে ঐক্যবদ্ধভাবে ’৭১ সালে এ দেশকে শত্রুমুক্ত করেছে, আগামী দিনেও একইভাবে জঙ্গিগোষ্ঠীকে প্রতিরোধ করবে।