নোয়াখালীতে 'বন্দুকযুদ্ধে' বিএনপি নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় আজ বৃহস্পতিবার ভোরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম (৪৩) নিহত হয়েছেন।

জেলা পুলিশ সুপার আনিসুর রহমান দাবি করেন, আজ ভোর সাড়ে তিনটার দিকে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের মেহেদিপাড়ায় এ ঘটনা। তৌহিদুল থানার ৩ নম্বর তালিকাভুক্ত আসামি।

নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিত্সা কর্মকর্তা হাসান ইফতেখারের ভাষ্য, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে অজ্ঞাত দুই-তিনজন ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। রোগীর নাম-পরিচয় খাতায় লিখে তাঁরা দ্রুত হাসপাতাল ত্যাগ করেন। চিকিত্সাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা গেছেন।

সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সামাদ দাবি করেছেন, গত মঙ্গলবার র্যাবের একটি দল তৌহিদুলকে ঢাকায় আটক ও পল্টন থানায় সোপর্দ করে। সোনাইমুড়ি থানার পুলিশের একটি দল গতকাল বুধবার তাঁকে ঢাকা থেকে নিয়ে আসে। থানায় আনার পর জিজ্ঞাসাবাদে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী গ্রামের বাড়ি ভদ্রগাঁওয়ের রান্নাঘর থেকে গুলিভর্তি একটি এলজি উদ্ধার করা হয়। এরপর তাঁকে নিয়ে থানায় আসার পথে মেহেদিপাড়া নামক স্থানে বিএনপির কর্মীরা পুলিশের গাড়িতে হামলা চালান। এ সময় দুই পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। একপর্যায়ে তৌহিদুল গুলিবিদ্ধ হন। তাঁর বিরুদ্ধে একটি হত্যাসহ সাতটি মামলা রয়েছে।