নোয়াখালীতেও মুখোমুখি ১৮ দল ও আ.লীগ
নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের দাবিতে নোয়াখালীতে আজ শুক্রবার বিকেলে মিছিল-সমাবেশের বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। একই সময় ক্ষমতাসীন আওয়ামী লীগও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজপথে থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশের প্রস্তুতি নিয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাব, পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যদের জেলা শহর ছাড়াও বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে টহলে থাকবে। দুই জোট যাতে কোনোভাবে মুখোমুখি ও সংঘাতে লিপ্ত হতে না পারে সে বিষয়ে সতর্ক থাকবে। জেলা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, নোয়াখালীর অতীতের ইতিহাস অনুযায়ী এখানে খুববেশি রাজনৈতিক সংঘাত নাই।
দলীয় সূত্রে জানা গেছে, বিকেল তিনটা থেকে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের নেতা-কর্মীরা নির্দলীয় সরকারের অধীন নির্বাচন দেওয়ার দাবিতে শহরের হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চবিদ্যালয় মাঠে জড়ো হবেন।
অপরদিকে জেলা আওয়ামী লীগও কেন্দ্রীয় নির্দেশে আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে শহরের আবদুল মালেক উকিল সড়কের দলীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মী ও সমর্থকদের সমবেত হতে নির্দেশ দিয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ আজাদ পবলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালনের উদ্দেশে সব প্রস্তুতি গ্রহণ করেছি। মিছিল ও সমাবেশ সফল করতে শহর এবং শহরের বাইরে বিভিন্ন ইউনিট থেকে দলীয় নেতা-কর্মী ছাড়াও সাধারণ মানুষ যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।’ শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ বলেন, ‘আমাদের কর্মীরা রাজপথে থাকবেন। তবে কোনো সহিংসতা যাতে না ঘটে সেদিকে তাদের বিশেষ নজর থাকবে।’