নোয়াখালীর আদালতগুলোতে বিচারক সংকট, মামলাজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতসহ বিভিন্ন আদালতে বিচারকের পদ শূন্য থাকায় প্রায় চার হাজার দেওয়ানি ও ফৌজদারি মামলা বিচারের অপেক্ষায় পড়ে রয়েছে। এর মধ্যে এক হাজার আটটি মামলা নারী ও শিশুনির্যাতন দমন আদালতের। ফলে বিচারপ্রার্থীরা দিনের পর দিন ভোগান্তির শিকার হচ্ছে।আদালত সূত্রে জানা গেছে, জেলা জজ ও বিচারিক হাকিম আদালতের বিচারকের ২৪টি পদের মধ্যে সাতটি বর্তমানে শূন্য রয়েছে। এর মধ্যে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে বিচারকের পদ ২০০৮ সালের ১৬ অক্টোবর থেকে, বিশেষ জজ আদালতে বিচারকের পদ গত ১৮ ফেব্রুয়ারি থেকে, সেনবাগ উপজেলা সহকারী জজ আদালতের বিচারকের পদ গত ১০ জুন থেকে, নারী ও শিশুনির্যাতন দমন আদালতের বিচারকের পদ গত ২১ জুলাই থেকে শূন্য পড়ে আছে। এ ছাড়া বিচারিক হাকিম আদালতে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের পদ ২০০৯ সালের ২২ অক্টোবর থেকে, সিনিয়র বিচারিক হাকিমের পদ গত ২০ মে থেকে এবং বিচারিক হাকিমের পদ গত ১০ মে থেকে শূন্য রয়েছে। বিচারকের পদ শূন্য থাকায় এসব আদালতে বর্তমানে প্রায় চার হাজার মামলা বিচারের অপেক্ষায় পড়ে রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মামলা বিচারের অপেক্ষায় রয়েছে নারী ও শিশুনির্যাতন দমন আদালতে—এক হাজার আটটি। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে সেনবাগ উপজেলা সহকারী জজ আদালতে—৯১৩টি।সূত্র জানায়, বিচারকের পদশূন্য আদালতগুলোতে জেলা জজসহ অন্যান্য আদালতের বিচারকেরা অতিরিক্ত দায়িত্ব পালন করলেও তাঁরা শুধু জামিনের আবেদনের শুনানি ছাড়া মূল মামলার শুনানি করেন না। ফলে বিচারাধীন মামলার সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে এবং সংশ্লিষ্ট আদালতগুলোতে মামলার জট তৈরি হচ্ছে।নারী ও শিশুনির্যাতন দমন ট্রাইব্যুনালের আইন কর্মকর্তা (পিপি) হুমায়ুন কবির এ প্রসঙ্গে বলেন, একটি বিশেষ আদালতে ট্রাইব্যুনালে এত দিন বিচারকের পদ খালি পড়ে থাকতে পারে না। এতে আদালত গঠনের উদ্দেশ্য ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও অবহিত করা হয়েছে বলে জানান তিনি। সেনবাগ উপজেলার লুদুয়া গ্রামের রিকশাচালক আবুল কাশেম জানান, তাঁর ২০০৬ সালের একটি মামলা সহকারী জজ আদালতে বিচারাধীন। কিন্তু বিচারক না থাকায় গত কয়েকটি তারিখে তাঁর মামলার সাক্ষীরা সাক্ষ্য দিতে পারেননি। এতে তিনি ভোগান্তির শিকার হচ্ছেন।জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক বেলায়েত হোসেন জানান, বিচারক সংকটের কারণে তাঁর অনেক মক্কেল দিনের পর দিন ভোগান্তির শিকার হওয়ার পাশাপাশি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ নেওয়া উচিত। জেলা জজ আদালতের আইন কর্মকর্তা (পিপি) মহিব উল্লা জানান, বিচারকের পদ শূন্য থাকায় বিচারকাজ ব্যাহত হচ্ছে এবং বিচারপ্রার্থীরা ভোগান্তির শিকার হচ্ছেন। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য তাঁরাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন। কিন্তু এখনো কোনো কাজ হয়নি।