নোয়াখালীর আদালতগুলোতে বিচারকের তীব্র সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর আদালতগুলোতে বিচারকের সংকট বর্তমানে তীব্র হয়ে উঠেছে। জেলা জজ, বিচারিক হাকিম ও আমলি আদালতে বিচারকের ২৩টি পদের মধ্যে ১২টিই খালি।এর মধ্যে বিচারিক হাকিম ও আমলি আদালতের অবস্থা খুবই খারাপ। সেখানে বিচারকের নয়টি পদের মধ্যে ছয়টিই খালি। ফলে বিচারকশূন্য আদালতগুলোর বিচারপ্রার্থীরা সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছেন।আদালত সূত্রে জানা গেছে, বিচারিক হাকিম আদালত ও আমলি আদালতে নয়জন বিচারকের মধ্যে আছেন মাত্র তিনজন। তাঁরা হলেন মুখ্য বিচারিক হাকিম, একজন জ্যেষ্ঠ বিচারিক হাকিম ও একজন বিচারিক হাকিম। শূন্য আছে অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিমের একটি, জ্যেষ্ঠ বিচারিক হাকিমের দুটি ও বিচারিক হাকিমের তিনটি পদ।অন্যদিকে জেলা জজ আদালতে জেলা জজসহ মোট বিচারকের পদ ১৪টি। এর মধ্যে বর্তমানে কর্মরত আছেন আটজন। অতিরিক্ত জেলা ও দায়রা জজের দুটি পদের মধ্যে একটি, যুগ্ম জেলা ও দায়রা জজের তিনটি পদের মধ্যে দুটি, জ্যেষ্ঠ সহকারী জজের তিনটির মধ্যে একটি এবং সহকারী জজের পাঁচটির মধ্যে দুটি পদ শূন্য আছে।সূত্র জানায়, এই দুটি আদালতে দীর্ঘদিন ধরে বিচারকদের পদ শূন্য থাকায় মামলা নিষ্পত্তির ক্ষেত্রে ধীরগতি ও অনিশ্চয়তা বিরাজ করছে। আদালতগুলোতে বিচারাধীন মামলার সংখ্যাও দিন দিন বাড়ছে। বর্তমানে বিচারিক হাকিম ও আমলি আদালতে প্রায় ১৫ হাজার মামলা বিচারাধীন। পাশাপাশি জেলা জজ আদালতের বিভিন্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় নয় হাজার।এদিকে বিচারক না থাকায় সবচেয়ে ভোগান্তির শিকার হচ্ছেন জেলার প্রত্যন্ত এলাকার বিচারপ্রার্থীরা। সম্প্রতি আদালত প্রাঙ্গণ ঘুরে বেশ কয়েকজন বিচারপ্রার্থীর সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। তাঁদের একজন সেনবাগ উপজেলার বাবুপুর-শ্রীপুর গ্রামের রেজিয়া খাতুন। তিনি প্রথম আলোকে জানান, প্রায় নয় মাস আগে তিনি সেনবাগ সহকারী জজ আদালতে নাবালক সন্তানের অভিভাবক হওয়ার দাবি নিয়ে একটি মামলা করেন। দীর্ঘ এই সময়েও মামলাটির নিষ্পত্তি হয়নি।রেজিয়া খাতুনের মামলার আইনজীবী সাখাওয়াত হোসেন এ প্রসঙ্গে বলেন, ‘ওই আদালতের সহকারী জজের পদটি প্রায় দুই বছর ধরে শূন্য। অন্য যে আদালতের বিচারক চলতি দায়িত্ব পালন করছেন, তিনি মামলাটির শুনানি না করায় আমার মক্কেল ভোগান্তির শিকার হচ্ছেন।’জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজমুল হক বলেন, বিচারকদের সংকট বিচার-প্রক্রিয়াকে বিলম্বিত করছে। মানুষ আর্থিক ক্ষতির শিকারের পাশাপাশি ভোগান্তির শিকার হচ্ছে। তিনি বলেন, ‘আমরা বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরে অনেকবার লিখেছি এ সংকট দূর করার জন্য। কিন্তু কাজ হচ্ছে না।’সরকারি আইন কর্মকর্তা (পিপি) এ টি এম মহিব উল্লা বলেন, জেলা জজ আদালত, বিচারিক হাকিম ও আমলি আদালতে বিচারক সংকটের কারণে বিচারকাজ ব্যাহত হচ্ছে। বিচারপ্রার্থীরা ভোগান্তির শিকার হচ্ছেন। এতে মামলার জট সৃষ্টি হচ্ছে। এই সংকট দূর করা অত্যন্ত জরুরি।