নোয়াখালী-৬ আসনের স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম অভিযোগ করেছেন, জেলার পুলিশ সুপার (এসপি) হারুনুর রশীদ হাযারী ডাকাত দলের সঙ্গে জড়িত। গতকাল রোববার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ কথা বলেন তিনি। এ সময় ডেপুটি স্পিকার শওকত আলী অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।সম্প্রতি নোয়াখালীর হাতিয়ায় তাঁর বাড়িতে ডাকাত দলের হামলার পর কোনো ব্যবস্থা না নেওয়ায় এসপি হাযারীর বিরুদ্ধে সংসদে ক্ষোভ প্রকাশ করেন সাংসদ। সেদিন তিনি ওই বাড়িতেই অবস্থান করছিলেন।সংসদে ফজলুল আজিম বলেন, এ নিয়ে চারবার হামলা হলো। এবার ডাকাতেরা হামলা করার পর এসপিকে জানালেও তিনি কোনো ব্যবস্থা নেননি। পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে পরে পুলিশ এলাকায় এসেছে। তিনি বলেন, হাতিয়ায় হামলার পরে মামলা হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।হাতিয়ার সাবেক সাংসদ মোহাম্মদ আলী ডাকাত নিয়ে এলাকায় তাণ্ডব চালাচ্ছেন বলে অভিযোগ করেন বর্তমান সাংসদ ফজলুল আজিম। তিনি বলেন, ‘সরকারের বিরুদ্ধে আমার অভিযোগ নেই। এই জেলা পুলিশ সুপার হাযারী ডাকাতের সঙ্গে জড়িত। এসপি ও সাবেক সাংসদ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন।’সাংসদ এই হামলার বিষয়ে স্পিকার, ডেপুটি স্পিকার, স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের মহাপরিদর্শককে অবহিত করেন। তিনি সাবেক সাংসদ ও এসপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।