নোয়াখালীর এসিডদগ্ধ সেলিনার পরিবার নিরাপত্তাহীনতায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে কলেজছাত্রী সেলিনা আক্তারকে এসিড নিক্ষেপের ঘটনায় গ্রেপ্তার আসামি মো. শরিফ ওরফে বিহারী শরিফের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে অন্যান্য আসামি গ্রেপ্তার না হওয়ায় বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি। আসামিদের ভয়ে তাঁরা অন্যত্র রাত কাটাচ্ছেন।পুলিশ জানায়, নোয়াখালী সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী সেলিনাকে এসিডদগ্ধ করার মামলার এজাহারভুক্ত আসামি শরিফের বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তা ৩ মে আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে গত বৃহস্পতিবার নোয়াখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম এস এম জাকির হাসান তা মঞ্জুর করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা ও সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান জানান, কাল রোববার শরিফকে রিমান্ডে নেওয়া হবে।এদিকে মামলার একজন আসামি ছাড়া অন্যরা গ্রেপ্তার না হওয়ায় চরম শঙ্কায় দিন কাটাচ্ছে সেলিনার পরিবার। সেলিনার মা মাজেদা খাতুন অভিযোগ করেন, আসামিরা নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছেন। ভয়ে তিনি স্বামী পরিত্যক্ত বড় মেয়ে রৌশনারা বেগম, ছোট মেয়ে ফারহানা (প্রথমবার এসিডদগ্ধ) ও একমাত্র নাতিকে নিয়ে একই গ্রামে বাবার বাড়িতে রাত কাটাচ্ছেন। আবেগাপ্লুত কণ্ঠে মাজেদা বলেন, ‘ছোট মেয়ের এসিডের ক্ষত না শুকাতেই বড় মেয়েকে এসিড মারা হলো। ছোট মেয়ের ঘটনার পর নানা দুশ্চিন্তায় তাঁদের বাবাও দুনিয়া থেকে বিদায় নিল। এখন এ দুই মেয়েকে নিয়ে আমি কোথায় যাব?’ ঢাকায় এসিড সারভাইভারস ফাউন্ডেশনে চিকিৎসাধীন সেলিনা আক্তার মুঠোফোনে বলেন, ‘এসিডে পুড়ে যাওয়া শরীরের বিভিন্ন অংশে খুব ব্যথা ও জ্বালাপোড়া করছে। আগামী রোববার অস্ত্রোপচারের কথা রয়েছে।’মামলার তদারকির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সারওয়ার আলম বলেন, এসিড নিক্ষেপের ঘটনা গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সেলিনার পরিবারের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, সেখানে পুলিশের সার্বক্ষণিক নজরদারি রয়েছে।উল্লেখ্য, ছোট বোন মাদ্রাসাছাত্রী ফারহানা আক্তারের ওপর এসিড নিক্ষেপের মামলায় আদালতে সাক্ষ্য দেওয়ায় বড় বোন সেলিনা আক্তার ১ মে নিজ বাড়িতে মামলার এজাহারভুক্ত আসামিদের হাতে এসিডদগ্ধ হন।