নোয়াখালীর কমিউনিটি পুলিশিং ব্যবস্থাকে শক্তিশালী করার উদ্যোগ
মাদক নিয়ন্ত্রণ ও জঙ্গিবাদ রুখতে নোয়াখালীর কমিউনিটি পুলিশিং ব্যবস্থাকে শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ প্রশাসন। গতকাল সোমবার দুপুরে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ এসব কথা জানান। এ জন্য আগামী ৪ ফেব্রুয়ারি নোয়াখালীতে কমিউনিটি পুলিশিংয়ের সদস্যদের সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হকের অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
সমাবেশ উপলক্ষে গতকাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ জানান, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে পুলিশের অঙ্গীকার বাস্তবায়ন করতে এ সমাবেশ করা হবে। জঙ্গি ও মাদক ব্যবসায়ীর জন্য দেশের উন্নয়ন থমকে থাকতে পারে না। শহরের পাশাপাশি মাদক গ্রামগঞ্জে ছড়িয়ে পড়ছে। মাদক প্রতিরোধে কমিউনিটি পুলিশ এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণ দরকার।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নবজ্যোতি খীসা, বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান শেখ, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী ও আবদুল্লা-আল মাসুম, সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমুখ।