নোয়াখালীর গ্রামে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা
নোয়াখালীর বেগমগঞ্জের আলাইয়াপুর ইউনিয়নের ভবব্রদ্দি গ্রামে গতকাল বুধবার রাতে আবদুল মতিন ওরফে রং মতিন (২৮) নামের যুবদলের এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাত সাড়ে নয়টার দিকে ওই গ্রামের নাঙ্গলী বাড়ির দরজা নামক স্থানে এ ঘটনা ঘটে।আবদুল মতিন ভবব্রদ্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। তাঁরা জানান, আবদুল মতিন একসময় স্থানীয় সন্ত্রাসী সবুজের পক্ষের লোকজনের সঙ্গে থাকলেও কিছুদিন ধরে রং মিস্ত্রির কাজ শুরু করেন।পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গতকাল রাত সাড়ে নয়টার আবদুল মতিন ভবব্রদ্দি গ্রামে চন্দ্রগঞ্জ-ছয়ানী সড়কের নাঙ্গলী বাড়ির দরজার একটি চায়ের দোকানে বসা ছিলেন। হঠাৎ সাত-আটজনের একদল মুখোশ পরা সশস্ত্র সন্ত্রাসী তাঁর ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায়। এ ঘটনার পর স্থানীয় লোকজন মতিনকে উদ্ধার করে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয় লোকজন ঘটনাটি পুলিশকে জানান।ঘটনার সত্যতা নিশ্চিত করেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন। তিনি মুঠোফোনে রাত সাড়ে ১০টায় প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে গেছে। স্থানীয় বাশার বাহিনী নামের একটি সন্ত্রাসী গ্রুপ ওই ঘটনাটি ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।