নোয়াখালীর চর থেকে হাজার মণ ধান লুট
নোয়াখালীর কোম্পানীগঞ্জের চর এলাহী ইউনিয়নের চর বালুয়া থেকে কৃষকদের প্রায় এক হাজার মণ ধান লুটের অভিযোগ উঠেছে।
গতকাল রোববার দুপুরে এবং গত শনিবার রাতে সন্দ্বীপের উড়িরচরের জলদস্যু শাহদাত হোসেন ওরফে জাসু বাহিনীর সদস্যরা এ লুটপাট চালায় বলে জানা গেছে।
এর আগে গত সোমবার ও মঙ্গলবার একই চরের চর রমজান ও চর উমেদ মৌজা থেকে আনার পথে ছোট ফেনী নদী থেকে আরও প্রায় দেড় হাজার মণ ধান একই বাহিনীর দস্যুরা লুট করে নিয়ে যায়।
জমির মালিক চর ফকিরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হানিফ পাটোয়ারী প্রথম আলোকে বলেন, শনিবার দিবাগত রাত ১২টার দিকে জলসদ্যু সর্দার জাসুর নেতৃত্বে ৩৫-৪০ জনের একদল দস্যু চর বালুয়ার খামারবাড়িতে মাড়াই করে রাখা প্রায় ৪০০ মণ ধান অস্ত্রের মুখে লুট করে নিয়ে যায়।
একই বাহিনী গতকাল দুপুর ১২টার দিকে ছোট ফেনী নদী দিয়ে আনার সময় চর এলাহীর নূরনবীর ৩২০ মণ এবং মুছাপুরের দিনেশ চন্দ্র দাস ও জগদিশ চন্দ্র দাসের প্রায় ৩০০ মণ ধান দুটি ট্রলার থেকে লুট করে নিয়ে যায়। দস্যুরা দিনেশ চন্দ্র দাসকে অস্ত্রের মুখে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
হানিফ পাটোয়ারী অভিযোগ করেন, ‘ধান পাকার পর একরপ্রতি জাসু বাহিনীকে এক হাজার টাকা করে চাঁদা দিয়েছেন। এর পরও এখন আবার আমাদের ধান লুট করে নিয়ে যাচ্ছে জাসু বাহিনী। এসব বিষয়ে থানায় জানানো হলেও পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি।’
জানা গেছে, জলদস্যু জাসু বাহিনীর নিজস্ব ট্রলার ও অস্ত্রধারী বাহিনী দিয়ে নদীতে দস্যুতা ছাড়াও দুর্গম ওই সব চরে বসবাসকারী ও চাষাবাদকারী চাষিদের ওপর প্রতিনিয়ত হামলা, নির্যাতনসহ বিভিন্ন অত্যাচার চালিয়ে যাচ্ছে। জাসুর বিরুদ্ধে কোম্পানীগঞ্জ ও সন্দ্বীপ থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ সাজেদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘চরে ধান লুটের কথা স্থানীয় একাধিক ব্যক্তি জানিয়েছেন।
কিন্তু লিখিত কোনো অভিযোগ করেননি। তবু আমরা চেষ্টা করছি জলদস্যু জাসুকে ধরার জন্য। কিন্তু নদীর অপর পারে হওয়ায় অভিযান চালানোও দুরূহ।’