নোয়াখালীর চরাঞ্চলে পানির কষ্টে কৃষকেরা
‘খালগুন ভরাট অই হুরি গেছে। কোন আনে হানি নাই। নাই কোন ডিপকলও। সরকার যদি খালি আঙ্গোরে হানির ব্যস্তা করি দিত, আমরা ফসল হলাই হিয়ার কয়েক গুণ সরকারকে হোসাই দিতাম।’ পাইপের মাধ্যমে দূর থেকে আনা পানি তরমুজগাছের গোড়ায় দিতে দিতে কথাগুলো বলছিলেন নোয়াখালীর সুবর্ণচরের চরওয়াপদার কৃষক জয়নাল আবদিন। শুধু জয়নাল আবদিনই নন, এই উপজেলার প্রায় চার হাজার তরমুজচাষির অন্যতম কষ্ট খেতে সেচ দেওয়া। দূর-দূরান্ত থেকে পানি এনে খেতে দিতে গিয়ে কৃষকদের গলদঘর্ম অবস্থা। একই এলাকার কৃষক সাহাব উদ্দিন বলেন, যদি খালগুলোতে পানি থাকত, তাহলে বর্তমান অবস্থায় যা ফলন পাওয়া যায়, তার চেয়ে দুই-তিন গুণ বেশি ফলন হতো। উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্র জানায়, সুবর্ণচর উপজেলায় এবার রেকর্ড পরিমাণ প্রায় দুই হাজার ২০০ হেক্টর জমিতে তরমুজ চাষ হয়েছে। যা গত বছরের চেয়ে ৫০০ হেক্টর বেশি। চরাঞ্চলের প্রায় চার হাজার কৃষক এই তরমুজ চাষের সঙ্গে জড়িত। এরই মধ্যে কিছু খেতে তরমুজ গাছে ফুল এসেছে। সূত্র জানায়, এই সময় তরমুজ গাছের জন্য সেচ অত্যন্ত প্রয়োজনীয়। খালে পানি না থাকায় কৃষকেরা যে যার মতো করে খেতে সেচ দিচ্ছেন। সেচ সমস্যা দূর করতে বিএডিসির মাধ্যমে চরক্লার্ক-মোহামঞ্চদপুর-কাটাখালী খাল সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে বিস্তীর্ণ এলাকার কৃষকেরা সেচসুবিধা পাবেন। পশ্চিম চর ওয়াপদার কৃষক জাহাঙ্গীর আলম বলেন, ‘বছরের পর বছর ধরে তরমুজ চাষ করলেও কৃষি বিভাগের কেউ কখনো ভালো-মন্দ জানতেও আসেন না; শুধু আসেন কীটনাশক কোম্পানির লোক।’ উপজেলা কৃষি কর্মকর্তা আমিরুল ইসলাম সেচ সমস্যার কথা স্বীকার করলেও কৃষকদের কাছে না যাওয়ার অভিযোগ ঠিক নয় বলে দাবি করেন। তিনি বলেন, জনবল কম থাকায় উপসহকারী কৃষি কর্মকর্তারা হয়তো সব এলাকায় সময়মতো পৌঁছাতে পারেন না। কিন্তু কোনো এলাকাই তাঁদের নজরের বাইরে নয়।