নোয়াখালীর চরে পুলিশক্যাম্পে হামলা পুলিশ-জনতা সংঘর্ষ, গুলিবর্ষণ
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চর নঙ্গলিয়ার জনতাবাজার পুলিশক্যাম্প ঘেরাও ও হামলা চালিয়েছে বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী। গতকাল সোমবার রাত আটটার দিকে এই হামলার ঘটনা ঘটে। রাত সাড়ে নয়টা পর্যন্ত পুলিশের সঙ্গে স্থানীয় জনতার কয়েক দফা সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগান থেকে ৩৫টি গুলি ছোড়ে। এ ঘটনায় ক্যাম্পে আক্রমণকারীদের আট-দশজন আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।রাত ১০টা নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও জনতাবাজার ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খবর পেয়ে রাত ১০টার দিকে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) হারুন-উর-রশিদ হাযারী পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলের দিকে রওনা হন। জানতে চাইলে রাত সোয়া ১০টায় পুলিশ সুপার হারুন-উর-রশিদ হাযারী প্রথম আলোকে বলেন, বাজারের কয়েকজন ব্যবসায়ীকে নিয়ে পুলিশক্যাম্পে কথা বলার সময় তাঁদের ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে এলাকায় গুজব ছড়িয়ে পড়ে। যার ফলে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে পড়ে এবং একপর্যায়ে পুলিশক্যাম্পে হামলা চালায়। পুলিশ এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগান থেকে ৩৫টি গুলি ছোড়ে।স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে চর নঙ্গলিয়ার জনতাবাজারের ব্যবসায়ী সমিতির সেক্রেটারি মিরাজ বেপারী, দ্বীল মোহাম্মদ, বাহার কেরানী ও বেলায়েত হোসেনকে ওই বাজারের পুলিশক্যাম্পের ইনচার্জ সহকারী উপপরিদর্শক (এএসআই) আনবিক চাকমা ক্যাম্পে ডেকে নেন।প্রায় এক-দেড় ঘণ্টা পরও ছেড়ে না দেওয়ায় তাঁদের আটক করা হয়েছে মর্মে বাজারের ব্যবসায়ী ও এলাকার লোকজনের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে। রাত আটটা নাগাদ বাজারের ব্যবসায়ীদের পাশাপাশি কয়েক শ লোক জড়ো হয়ে ক্যাম্প ঘেরাও করে। একপর্যায়ে তারা লাঠিসোঁটা নিয়ে ক্যাম্পে হামলা চালায়। হামলায় জলদস্যু নিজাম বাহিনীর সদস্যরাও অংশ নেয়।ভূমিহীন বাজার পুলিশক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) সফিকুর রহমান রাত সাড়ে ১০টায় প্রথম আলোকে বলেন, তাঁরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে, এ নিয়ে চরে থমথমে অবস্থা বিরাজ করছে।