নোয়াখালীর চরে ব্যবসায়ী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর হাতিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন নলেরচরের দক্ষিণ শান্তিপুর এলাকায় গত রোববার রাতে মো. নুরুজ্জামান নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী খুন হয়েছেন। স্থানীয় শান্তিরঘাট বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাঁকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে। পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, নিহত নুরুজ্জামানের (৩২) বাড়ি দক্ষিণ শান্তিপুর গ্রামে। রাত পৌনে ১১টার দিকে শান্তিরঘাট বাজারে নিজের মুদি দোকান বন্ধ করে তিনি বাড়ি ফিরছিলেন। পথে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে নুরুজ্জামানের মাথায় ও মুখে এলোপাতাড়ি কুপিয়ে এবং গলাকেটে হত্যা করে। পরে লাশ গ্রামের রাস্তার পাশে ফেলে রেখে যায়। পথচারীরা লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। নলেরচরের মোর্শেদ বাজার পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান গতকাল বলেন, লাশ নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।