নোয়াখালীর ডিসির বিরুদ্ধে গণপূর্ত বিভাগের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসকের (রাজস্ব) বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে গণপূর্ত বিভাগ।জেলার বেগম-গঞ্জ উপজেলার চৌমুহনী মৌজায় গণপূর্ত বিভাগের ৬০ বছরের বেশি সময় দখলে থাকা ৫৬ শতাংশ ভূমি জেলা প্রশাসনকে বুঝিয়ে দেওয়ার আদেশের বিরুদ্ধে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাছিম খান ও উপবিভাগীয় প্রকৌশলী আশরাফুর রহমান চৌধুরী গত সোমবার বেগমগঞ্জের জ্যেষ্ঠ সহকারী জজ আদালতে এ মামলা করেন। আদালত বাদীদের অভিযোগ আমলে নিয়ে গত মঙ্গলবার ওই ভূমির ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন এবং জেলা প্রশাসনের আদেশের বিরুদ্ধে কেন নিষেধাজ্ঞা দেওয়া হবে না, এই মর্মে ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ জারি করেন।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৪৯-৫০ সাল থেকে চৌমুহনী মৌজার ১৮ ও ১৯ দাগের ৫৬ শতাংশ ভূমির ওপর গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলীর কার্যালয় স্থাপন করে দাপ্তরিক কাজকর্ম চলে আসছে। গত ২৭ মার্চ জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি পত্রের মাধ্যমে ওই ভূমিকে ১ নম্বর খাস খতিয়ানের ভূমি দাবি করে তা জেলা প্রশাসককে বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ওই ভূমি অনেক আগ থেকে গণপূর্ত বিভাগের। কিন্তু এটি কোনো কারণে বিগত জরিপের সময় জেলা প্রশাসনের ১ নম্বর খাস খতিয়ানের অন্তর্ভুক্ত হয়েছে। গণপূর্ত বিভাগ মামলা করেই কেবল জেলা প্রশাসনের কাছে থেকে এই জমি নিতে পারে। তাই হয়তো তাঁরা মামলাটি করেছেন।