নোয়াখালীর থানায় আ. লীগের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হানকে আটকের গুজবে গতকাল রাতে থানায় হামলা চালিয়ে ভাঙচুর করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। ছবি: প্রথম আলো
নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হানকে আটকের গুজবে গতকাল রাতে থানায় হামলা চালিয়ে ভাঙচুর করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। ছবি: প্রথম আলো

নোয়াখালীর কবিরহাট থানায় গতকাল বুধবার রাত ১২টার দিকে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এতে তিন পুলিশ কনস্টেবলসহ অন্তত সাতজন আহত হয়েছেন।
কবিরহাটের পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হানকে আটকের গুজবে এই হামলা চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।
ঘটনা সম্পর্কে মুঠোফোনে প্রথম আলোকে দেওয়া কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাহবুবুল আলমের ভাষ্য, ‘গতকাল রাত পৌনে ১২টার দিকে পৌর মেয়র জহিরুল হক রায়হান মদ্যপ অবস্থায় হঠাত্ থানায় আসেন। তিনি তাঁকে গ্রেপ্তার করতে বলেন এবং হইচই শুরু করেন।’ ওসি বলেন, একপর্যায়ে দলের লোকজনকে মুঠোফোনে ফোন করে তিনি থানায় আছেন বলে জানান। এর কিছুক্ষণের মধ্যে মেয়রের বেশ কিছু দলীয় লোক অতর্কিতে থানায় এসে হামলা-ভাঙচুর শুরু করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থানার পুলিশ শটগান থেকে ৪০টি ফাঁকা গুলি ছোড়ে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ লাইন থেকে দাঙ্গা পুলিশ গেলে পরিস্থিতি শান্ত হয়।
কবিরহাট থানার পুলিশ জানায়, হামলায় থানার কর্মকর্তাদের বসার কক্ষসহ অন্তত নয়টি কক্ষের জানালার কাচ ও প্রধান ফটকের থাই কাচের দরজার ব্যাপক ক্ষতি হয়েছে।

মদ্যপ অবস্থায় থানায় গিয়ে গ্রেপ্তার করতে বলা এবং নেতা-কর্মীদের থানায় আসতে বলার অভিযোগ সত্য নয় বলে দাবি করেন মেয়র জহিরুল হক রায়হান। তাঁর দাবি, ‘ওসি দায় এড়ানোর জন্য এসব বলছেন। আমি আমার দুজন প্রতিবেশীকে থানায় ডেকে নেওয়ার বিষয়ে জানতে থানায় গিয়েছিলাম। এ সময় চারদিকে গুজব ছড়িয়ে পড়ে পুলিশ আমাকে আটক করেছে। এলাকার জনগণ ক্ষুব্ধ হয়ে থানায় হামলা চালায় এবং পুলিশও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নেওয়া দুজন বকতিয়ার হোসেন ও মনির হোসেনকে ছেড়ে দেয়।’

বকতিয়ার হোসেন ও মনির হোসেন পৌর ছাত্রলীগের সভাপতি মোছলে উদ্দিন ওরফে নবীর দুই ভাই।

ওসি জানান, হামলা-ভাঙচুর ও গুলির ঘটনায় পুলিশের তিন কনস্টেবল ইয়াছিন মিয়া, মো. কাইয়ুম ও মো. বাবুলসহ অন্তত সাতজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে ওসি বলেন, ঘটনার পর থেকে থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।