নোয়াখালীর দুটি ইউপির ফলাফল ঘোষণায় অনিয়মের অভিযোগ
নোয়াখালীর সুবর্ণচরের দুটি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ফলাফল ঘোষণায় অনিয়মের অভিযোগ উঠেছে। গত সোমবার বিকেলে জেলা শহরে কেন্দ্রীয় বিএনপির যুগ্মমহাসচিব মো. শাহজাহানের বাসায় এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। এদিকে ফলাফল ঘোষণায় অনিয়মের অভিযোগে গতকাল মঙ্গলবার পূর্ব চরবাটা ইউনিয়নে এবং গত সোমবার ছমিরহাট, খাসেরহাটসহ পূর্ব চরবাটা ইউনিয়নের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। সংবাদ সম্মেলনে পূর্ব চরবাটা ইউনিয়নে চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থী বিএনপিসমর্থিত জামালউদ্দিন গাজী অভিযোগ করেন, চর মজিদ যোবায়ের মিয়ারহাট রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ভোট গণনা শেষে নির্বাচন কমিশনের নির্ধারিত ফরমে ফলাফল বিবরণী না দিয়ে সাদা কাগজে ফলাফলের বিবরণী দেন। তিনি আরও অভিযোগ করেন, চূড়ান্ত ফলাফল নেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তার (উপজেলা কৃষি কর্মকর্তা) দপ্তরে গিয়ে জানতে পারি ওই বিদ্যালয়কেন্দ্রের ফলাফল সেখানে জমা দেওয়া হয়নি।একপর্যায়ে রাত ১২টার পর রিটার্নিং কর্মকর্তা ওই কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে ওই কেন্দ্রের আগে ঘোষিত ফলাফল থেকে তাঁর ২০০ ভোট এবং আরেক প্রার্থী ইউছুপ কামালের ৩০০ ভোট কমিয়ে আবুল বাসার মঞ্জুর নামে ৫০০ ভোট বাড়িয়ে দিয়ে তাঁকে ৪৬২ ভোটে বিজয়ী ঘোষণা করা হয়।জামালউদ্দিন ফলাফল পাল্টে দেওয়ার কাজে ক্ষমতাসীন দলের প্রভাবশালী এক নেতা সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ করেন।অন্যদিকে চরবাটা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাঈন উদ্দিনের প্রধান নির্বাচন সমন্বয়কারী এ বি এম জাকারিয়া অভিযোগ করেন, একই কায়দায় তাঁদের ইউনিয়নের শিবচরণ প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে ফলাফল ঘোষণা না করে প্রিসাইডিং কর্মকর্তা তাঁর মনগড়া ফলাফল বিবরণী রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করেছেন। এভাবে ফলাফল পাল্টে তাঁদের প্রার্থীকে হারিয়ে দেওয়া হয়েছে।