নোয়াখালীর দেওটি বাজারে দুই পক্ষে সংঘর্ষ, আহত ৫
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি বাজারে কেরমখেলা নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বাজারে অন্তত ১০টি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট করা হয়। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে দুই পক্ষের অন্তত পাঁচজন আহত হয়।খবর পেয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সামাদের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে ধাওয়া ও মৃদু লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উদ্ভূত পরিস্থিতিতে গতকাল শুক্রবার দেওটি বাজারে পুলিশ মোতায়েন করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে দেওটি বাজারে কেরমখেলা নিয়ে ফয়েজ আহম্মদ ও আবদুল হান্নান নামের দুই যুবকের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে ফয়েজের লোকজন হান্নানকে কুপিয়ে আহত করে। এ ঘটনার জের ধরে রাত সাড়ে ১০টার দিকে দুই পক্ষ দলবল নিয়ে বাজারে উঠলে পুনরায় উত্তেজনা দেখা দেয় এবং উভয় পক্ষ পাল্টাপাল্টি ধাওয়ায় লিপ্ত হয়। এ সময় এক পক্ষ অপর পক্ষের প্রতি ইটপাটকেল নিক্ষেপ করে। এতে দুই পক্ষের আরও তিন-চারজন আহত হয়। আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।প্রায় এক ঘণ্টা ধরে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষ চলাকালে বাজারে মো. আলমের মিষ্টির দোকান, কালা মিয়ার মুদিদোকানসহ অন্তত ১০টি দোকানে হামলা ও ভাঙচুর চালানো হয়। আলম অভিযোগ করেন, হামলাকারীরা তাঁর দোকানে হামলা-ভাঙচুরের পাশাপাশি লুটপাটও চালিয়েছে।জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সামাদ। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কেরমখেলা নিয়ে ঘটনার সূত্রপাত। রাতে এ নিয়ে বাজারে সংঘর্ষ এবং দোকানপাটে হামলার খবর পেয়ে তিনি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় গতকাল বিকেল পর্যন্ত কোনো পক্ষই থানায় মামলা দায়ের করেনি।