নোয়াখালীর নিখোঁজ জেলেদের সন্ধান মেলেনি
ঘূর্ণিঝড়ে নিখোঁজ নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ১৮ জন জেলের সন্ধান গতকাল মঙ্গলবার পর্যন্ত পাওয়া যায়নি। ফলে নিখোঁজ জেলেদের পরিবারের সদস্যরা স্বজনদের অপেক্ষার প্রহর গুনছেন।স্থানীয় লোকজনের ভাষ্যমতে, ঝড়ের কবল থেকে বাঁচার জন্য অন্য কোথায়ও গিয়ে আশ্রয় নিলেও নিখোঁজ এসব জেলে এত দিনে বাড়ি ফিরে আসার কথা, কিন্তু না আসায় তাঁদের বেঁচে থাকা নিয়ে সংশয় দেখা দিয়েছে।এদিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের বামনী নদী সংলগ্ন চাপরাশির খাল থেকে গতকাল অজ্ঞাতনামা এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করা হয়েছে। দুপুরে স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে লাশটি উদ্ধার করা হয়।লাশ উদ্ধারের কথা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান আলী প্রথম আলোকে বলেন, লাশটি দেখে মনে হয়েছে পাঁচ-ছয় দিন আগের লাশ। এরই মধ্যে পচে মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে।ওসি জানান, ধারণা করা হচ্ছে, লাশটি গত বুধবারের ঘূর্ণিঝড়ে নিখোঁজ কোনো জেলের হতে পারে, যা জোয়ারের পানির সঙ্গে ভেসে ওই খালে এসেছে। এ অবস্থায় লাশটির ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন ও একই ইউনিয়নের সদস্য আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, তাঁদের এলাকার নিখোঁজ ১০ জন জেলে গতকাল পর্যন্ত ফিরে আসেননি।বুধবারের আকসিঞ্চক ঘূর্ণিঝড়ে নোয়াখালীর সুবর্ণচর, কোম্পানীঞ্জ এবং দ্বীপ উপজেলা হাতিয়ার প্রায় ১৫ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়। ঘরের নিচে চাপা পড়ে এবং সাগরে মাছ ধরতে গিয়ে মারা যায় অন্তত ২০ জন। এ ছাড়া এখনো নিখোঁজ রয়েছে শতাধিক, যার মধ্যে সুবর্ণচর উপজেলার ১৮ জেলে।