নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ব্যবসায়ী সুমনের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তাঁর স্বজনেরা। গতকাল মঙ্গলবার রাজধানীর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তাঁরা এ দাবি জানান।স্বজনেরা অভিযোগ করেন, হত্যার সঙ্গে জড়িত স্থানীয় কয়েকজন সন্ত্রাসী বাসা থেকে ডেকে নিয়ে সুমনকে হত্যা করে। এ ঘটনায় মামলা করা হলেও আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মামলা তুলে নিতে তাঁরা ভয়ভীতি দেখাচ্ছে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সুমনের স্ত্রী তাহমিনা বেগম। এ সময় তাহমিনার মা জান্নাতুল ফেরদাউস, সুমনের বড় ভাই দেলোয়ার এবং ছয় মাস বয়সী শিশুপুত্র স্বাধীন উপস্থিত ছিল। গত ১৬ জুলাই সকাল আটটার দিকে বেগমগঞ্জ আলাইয়াপুর ইউনিয়নের জগদীশপুর ওয়ালি বেপারিবাড়ির সামনে সুমনকে গুলি করে হত্যা করা হয়।লিখিত বক্তব্যে তাহমিনা বলেন, লোকমানের সঙ্গে দ্বন্দ্বের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়। পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও জানান তিনি।