নোয়াখালীর ভুলুয়া ডিগ্রি কলেজে ছাত্রদের বিক্ষোভ, ভাঙচুর
নোয়াখালী সদর উপজেলার ভুলুয়া ডিগ্রি কলেজে গত বৃহস্পতিবার ক্ষুব্ধ ছাত্ররা ভাঙচুর চালিয়েছেন। এ সময় ছাত্ররা অধ্যক্ষকে তাঁর কক্ষে প্রায় আধা ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। ছাত্ররা অধ্যক্ষকে জামায়াতপন্থী আখ্যায়িত করে তাঁর অপসারণের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন।কলেজের ইংরেজি বিভাগের এক প্রভাষকের ওপর থেকে কারণ দর্শাও নোটিশ প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ভাঙচুর চালানো হয় বলে জানা গেছে। কলেজ সূত্র জানায়, বিনা অনুমতিতে কলেজে অনুপস্থিতি এবং নিয়ম না মেনে যোগদানের অভিযোগে কলেজের ইংরেজির প্রভাষক আজম হোসেন চৌধুরীকে গত ২৯ জুলাই কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়। গত ৪ আগস্ট তিনি নোটিশের জবাব দেন। কলেজ পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় নেয়াজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম জানান, শিক্ষককে কারণ দর্শাওয়ের বিষয়টি কমিটির সিদ্ধান্ত। কিন্তু এটিকে ইস্যু করে শিক্ষকদেরই একটি অংশ ছাত্রদের দিয়ে আন্দোলনের নামে কলেজটিকে অশান্ত করার চেষ্টা করছে।