নোয়াখালীর মাইজদী-সোনাপুর সড়ক তিন ঘণ্টা অবরোধ
নোয়াখালীতে ট্রাফিক পুলিশের সার্জেন্টের হাতে পিকআপ ভ্যানচালক ও শ্রমিকনেতা ইমাম উদ্দিন (৩০) প্রহূত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তিন ঘণ্টা মাইজদী-সোনাপুর সড়ক অবরোধ করে রাখেন শ্রমিকেরা। গতকাল শনিবার বেলা দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত এ অবরোধ চলে। এ সময় ক্ষুব্ধ শ্রমিকেরা শহরের দত্তেরহাট এলাকায় সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে এবং আড়াআড়িভাবে ট্রাক-পিকআপ ভ্যান রেখে যানবাহন চলাচল বন্ধ করে দেন। শ্রমিকেরা এ সময় ট্রাফিক পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন করেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুর দেড়টার দিকে দত্তেরহাট শ্রমিক ইউনিয়নের লাইন সেক্রেটারি ইমাম উদ্দিন পিকআপ ভ্যান নিয়ে মাইজদী বাজার থেকে সোনাপুরের দিকে যাওয়ার পথে সুধারাম থানার সামনে কর্তব্যরত ট্রাফিক পুলিশ পিকআপ ভ্যানটি থামায়। ট্রাফিক সার্জেন্ট মহিবুল এ সময় পিকআপ ভ্যানচালককে ভ্যানটি সরকারি কাজে ব্যবহারের জন্য রিকুইজিশন করার কথা বলেন। কিন্তু ইমাম উদ্দিন হরতালের দায়িত্ব পালনে পিকআপ ভ্যান দেওয়া সম্ভব নয় বললে এ নিয়ে ট্রাফিক পুলিশের সঙ্গে কথা-কাটাকাটি হয়। যার একপর্যায়ে ট্রাফিক পুলিশ ইমাম উদ্দিনকে মারধর করে সুধারাম থানায় আটকে রাখে।এ ঘটনার প্রতিবাদে দত্তেরহাট এলাকায় শ্রমিকেরা সংঘবদ্ধ হয়ে বেলা দুইটার দিকে মাইজদী-সোনাপুর সড়ক অবরোধ করে রাখেন। পরে সুধারাম থানার পুলিশ ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে বিকেল চারটায় শ্রমিকেরা অবরোধ তুলে নেন। ক্ষুব্ধ শ্রমিকেরা অভিযোগ করেন, ট্রাফিক পুলিশ পিকআপ ভ্যান থামিয়ে ইমাম উদ্দিনের কাছে চাঁদা দাবি করে। কিন্তু তিনি চাঁদা দিতে অস্বীকার করায় তাঁকে মারধর করে আটকে রাখে। জানতে চাইলে শ্রমিকদের সড়ক অবরোধের কথা নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর জাহিদুল হক। তিনি প্রথম আলোকে বলেন, সরকারি কাজে গাড়ি রিকুইজিশন করার জন্য পিকআপ ভ্যানচালককে ভ্যান থামাতে বললে তিনি সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহার করায় পুলিশ তাঁকে আটক করে। চাঁদা দাবির অভিযোগ ভিত্তিহীন।