নোয়াখালীর সেই পরীক্ষাকেন্দ্র পুনর্বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সাত শিক্ষককে দায়িত্ব থেকে বিরত রাখার শর্তে স্থগিত করা ওই পরীক্ষাকেন্দ্র পুনর্বহাল করা হয়েছে। নোয়াখালীর জেলা প্রশাসকের এক চিঠির পরিপ্রেক্ষিতে কুমিল্লা শিক্ষা বোর্ড ওই সিদ্ধান্ত নেয়। কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।বোর্ড সূত্রে জানা গেছে, ৯ জানুয়ারি নোয়াখালীর জেলা প্রশাসক মো. সিরাজুল ইসলাম কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে একটি চিঠি দেন। ওই চিঠিতে তিনি উল্লেখ করেন, নোয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কতিপয় শিক্ষকের অনিয়ম-দুর্নীতির কারণে ওই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষাকেন্দ্রসহ সব ধরনের পরীক্ষাকেন্দ্র বাতিল করতে হবে। ওই দিনই বোর্ড ওই পরীক্ষাকেন্দ্র স্থগিত করে দেয়। উদ্ভূত পরিস্থিতিতে ওই বিদ্যালয়ের প্রভাতি শাখার সহকারী প্রধান শিক্ষক আবু জাফর মো. নুরুল আমিন পরীক্ষাকেন্দ্রটি পুনর্বহালের জন্য নোয়াখালী-৪ আসনের সরকারদলীয় সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর কাছে যান। পরে সাংসদের হস্তক্ষেপে কেন্দ্রটি পুনর্বহাল করার জন্য জেলা প্রশাসককে অনুরোধ করা হয়। জেলা প্রশাসক ২০ জানুয়ারি কুমিল্লা শিক্ষা বোর্ডে স্থগিত কেন্দ্র পুনর্বহালের আবেদন করেন। এতে তিনি ওই বিদ্যালয়ের সাত শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে বিরত রাখার শর্ত দেন। পরে কুমিল্লা শিক্ষা বোর্ড ওই কেন্দ্র পুনর্বহাল করে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নোয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ২০১৩ সালের বিভিন্ন শ্রেণীর ভর্তি পরীক্ষায় অনিয়ম, নম্বর প্রদানে জালিয়াতি ও দুর্নীতির কারণে জেলা প্রশাসক পরীক্ষাকেন্দ্র স্থগিত করার সিদ্ধান্ত নেন।