নোয়াখালীর ১০ ইউপি চেয়ারম্যানের শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী সদর, সুবর্ণচর, কবিরহাট, বেগমগঞ্জ ও সেনবাগ—এই ৫টি উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান।

শপথ নেওয়া চেয়ারম্যানরা হলেন সদর উপজেলার দাদপুর ইউপির চেয়ারম্যান দেলোয়ার হোসেন, এওজবালিয়ার আবদুস জাহের, অশ্বদিয়ার গোলাম হোসেন ও কাদিরহানিফ ইউনিয়নের আবদুর রহিম; বেগমগঞ্জ উপজেলার কাদিরপুরের সালাহ উদ্দিন ও ছয়ানীর মো. মহিউদ্দিন; সুবর্ণচর উপজেলার চরজব্বরের তরিকুল ইসলাম; কবিরহাট উপজেলার নরোত্তমপুরের সিরাজ উল্যাহ; সেনবাগ উপজেলার ডুমুরুয়ার সাখাওয়াত হোসেন ও ছাতারপাইয়ার আবদুর রহমান।

শপথগ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক অনুপম বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন।