নোয়াখালীর ৩৫৪ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের ইটবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য ২০১৩ সালের ৩১ ডিসেম্বর থেকে। সেই থেকে জ্যেষ্ঠ সহকারী শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু তিনিও গত ২৩ ফেব্রুয়ারি অন্যত্র বদলি হয়ে যান। এখন এই বিদ্যালয়ে শিক্ষক আছেন তিনজন। যাঁদের মধ্যে একজন আছেন প্রধান শিক্ষকের অতিরিক্ত দায়িত্বে। তিনি দাপ্তরিক কাজে ব্যস্ত থাকলে ব্যাহত হয় স্কুলের পাঠদান।

শুধু ইটবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নয়, নোয়াখালীর ৯ উপজেলার ৩৫৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদ শূন্য। সহকারী শিক্ষকেরা ভারপ্রাপ্ত হিসেবে বছরের পর বছর ধরে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন। এতে প্রতিটি বিদ্যালয়েই পাঠদানে বিঘ্ন ঘটছে।

ইটবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা মৌসুমি আক্তার প্রথম আলোকে বলেন, প্রধান শিক্ষক না থাকায় তাঁকেই সব কাজ করতে হয়। ক্লাসের ফাঁকে দাপ্তরিক কাজ করেন। কিন্তু শিক্ষক মাত্র তিনজন হওয়ায় দাপ্তরিক কাজ চালাতে খুবই সমস্যা হয়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সদর উপজেলার ৪৪টি, বেগমগঞ্জের ৫৭টি, চাটখিলের ৪৪টি, সেনবাগের ৪১টি, কোম্পানীগঞ্জের ২৯টি, হাতিয়ার ৪৮টি, সুবর্ণচরের ১৯টি, কবিরহাটের ২৯টি ও সোনাইমুড়ীর ৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য।

সূত্র জানায়, দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক পদে নতুন নিয়োগ না হওয়ায় এবং এই পদে পদোন্নতি না হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

সেনবাগ উপজেলার খাজুরিয়া সর্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাখাওয়াত উল্যাহ প্রথম আলোকে বলেন, তাঁর বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ ২০১৩ সাল থেকে শূন্য। তখন থেকে তিনি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু বিদ্যালয়ে শিক্ষক কেবল তিনজন। তিনি দাপ্তরিক কাজে বিদ্যালয়ের বাইরে থাকলে দুজনকে শ্রেণিকার্যক্রম চালাতে হয়। এতে পাঠদানে বিঘ্ন ঘটে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন ছিদ্দিকী প্রথম আলোকে বলেন, সম্প্রতি পদোন্নতির বিষয়ে একটি সিদ্ধান্ত হয়েছে। জ্যেষ্ঠ শিক্ষকদের তথ্য সংগ্রহের কাজ চলছে। শিগগিরই পদোন্নতির মাধ্যমে এই সংকটের সমাধান হতে পারে।