নোয়াখালীর ৪৪৮টি বেসরকারি বিদ্যালয় ও মাদ্রাসায় তালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালা ঝুলছে নোয়াখালীর ৪৪৮টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শ্রেণীকক্ষে। শিক্ষক নিয়োগ, এমপিওভুক্তকরণ, বাড়িভাড়া পরিবর্তন করে সরকারি সমপরিমাণ করাসহ ১৭ দফা দাবিতে বেসরকারি শিক্ষক সমিতির আন্দোলনের পরিপ্রেক্ষিতে এ অচলাবস্থা বিরাজ করছে।৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া শিক্ষকদের কর্মবিরতির গতকাল সোমবার ছিল তৃতীয় দিন। এর ফলে তিন দিন ধরে জেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসাগুলোয় কোনো ক্লাস চলছে না। অনেক শিক্ষার্থী ক্লাস করার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে এলেও শিক্ষকেরা পাঠদান না করানোয় তারা বাড়ি ফিরে যাচ্ছে।গতকাল ১৭ দফা দাবিতে জেলার সেনবাগ, বেগমগঞ্জ ও কবিরহাট উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকেরা। আজ মঙ্গলবার জেলার অন্যান্য উপজেলাও অনুরূপ কর্মসূচি পালনের কথা রয়েছে। এ ছাড়া আগামীকাল জেলা শহরের হরিনারায়ণপুর উচ্চবিদ্যালয় মাঠে সব উপজেলার শিক্ষকদের গণজমায়েত ও বিক্ষোভের কর্মসূচি রয়েছে।জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার নয়টি উপজেলায় ২৮২টি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং ১৬৬টি দাখিল, আলিম মাদ্রাসা রয়েছে। শিক্ষকদের ধর্মঘটের কারণে তিন দিন ধরে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো পাঠদান হচ্ছে না।গতকাল সোমবার সকালে অরুণ চন্দ্র উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র মো. সোহেলকে ঘোরাফেরা করতে দেখা যায়। সে প্রথম আলোকে জানায়, ‘স্যাররা বলেছে, এক সপ্তাহ ক্লাস করাবেন না। বাড়িতে থাকতেও ভালো লাগে না। তাই স্কুলের আশপাশে ঘোরাফেরা করছি।’জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাখন লাল দাস গতকাল বিকেলে বলেন, ‘শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করাসহ ১৭ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করবেন শিক্ষকেরা।’