নৌ অবরোধ সফল হয়নি: নৌমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল না করায়  দৌলতদিয়ার সব ঘাটেই ফেরিগুলো অলসভাবে পড়ে থাকে। ছবি: রাশেদ রায়হান, গোয়ালন্দ
অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল না করায় দৌলতদিয়ার সব ঘাটেই ফেরিগুলো অলসভাবে পড়ে থাকে। ছবি: রাশেদ রায়হান, গোয়ালন্দ

নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, বিরোধী দলের নৌপথ অবরোধ কর্মসূচি সফল হয়নি। গতকাল মঙ্গলবার ও আজ বুধবার দেশের দক্ষিণাঞ্চলসহ সব নৌপথে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।
১৮ দলের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিনে আজ সচিবালয়ে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
শাজাহান খান জানান, গতকাল মঙ্গলবার ঢাকায় ৬৫টি লঞ্চ আসার কথা থাকলেও সেখানে ৫২টি এসেছে। ৬৫টি লঞ্চের ঢাকা ছেড়ে যাওয়ার কথা থাকলেও গেছে ৪১টি। অবরোধের কারণে ভয়ে অনেকে বের না হওয়ায় ওই লঞ্চগুলো যাওয়া-আসা করেনি।
মন্ত্রী অভিযোগ করেন, গত কয়েক দিনের সহিংসতায় বিরোধী দলের ধ্বংসাত্মক কর্মসূচিতে ২৮ জন চালককে পুড়িয়ে মারা হয়েছে। এক হাজারের ওপর সরকারি গাড়ি জ্বালানো হয়েছে। তিনি বলেন, বিএনপি-জামায়াত যা করছে, তা সন্ত্রাসী আন্দোলন। এর পরও দেশের মানুষ নির্বাচনে আসবে ও সুষ্ঠু নির্বাচন হবে বলে শাজাহান খান আশা প্রকাশ করেন।