নৌ ও সড়কপথে ভারতে ইলিশ পাচার
বঙ্গোপসাগর ও সড়কপথে প্রতিদিন কয়েক হাজার মণ ইলিশ ভারতে পাচার হয়ে যাওয়ায় ভরা মৌসুমেও দেশের অভ্যন্তরীণ বাজারে ইলিশের দাম কমছে না।
ব্যবসায়ীরা জানান, বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর, বাগেরহাটের মৎস্য কেন্দ্র থেকে প্রতিদিন বিপুল পরিমাণ ইলিশ সাতক্ষীরা, যশোর ও খুলনার বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে পাচার হচ্ছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারানোর পাশাপাশি দেশের বাজারে অপেক্ষাকৃত কম ইলিশ পাওয়া যাচ্ছে।
বরগুনা, পটুয়াখালীর মৎস্য ব্যবসায়ীরা অবশ্য বলেছেন, রপ্তানি নিষিদ্ধ হওয়ায় ভারতের বাজারে পাথরঘাটা ও দক্ষিণাঞ্চলের ইলিশের বিপুল চাহিদা থাকায় খুলনা, সাতক্ষীরা ও যশোরের ব্যবসায়ীরা প্রতিদিন চড়াদামে বেশির ভাগ মাছ কিনে নিয়ে যাচ্ছেন। এসব মাছ চোরাইপথে সীমান্তের ওপারে পাঠানো হচ্ছে। এ ছাড়া ভারতীয় কয়েক শ ট্রলার প্রতিদিন বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ ধরে নিয়ে যাচ্ছে। অভ্যন্তরীণ বাজারে মাছের জোগান বাড়াতে সরকার ২০১২ সালের জুলাইয়ে ইলিশ রপ্তানি নিষিদ্ধ করে।
খোঁজ নিয়ে জানা গেছে, বরগুনা, পটুয়াখালীর স্থানীয় খুচরা বাজারে এক কেজি ওজনের একটি ইলিশ ৮০০ থেকে এক হাজার টাকায় বিক্রি হচ্ছে। ৮০০-৯০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৬০০-৭০০ টাকায়। পাইকারি বাজারে তা মণপ্রতি ২৫ থেকে ৩০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। রপ্তানি বন্ধ থাকায় ও সাম্প্রতিক সময়ে বঙ্গোপসাগরে প্রচুর ইলিশ ধরা পড়ায় চোরাইপথে তা পাচার হচ্ছে পশ্চিমবঙ্গে।
পাথরঘাটা মৎস্য আড়তদার সমিতির সাবেক সভাপতি সগির আলম জানান, রপ্তানি নিষিদ্ধ থাকায় অভ্যন্তরীণ বাজারে ইলিশের দাম কম। কিন্তু ভারতের বাজারে দাম বেশি পাওয়ায় খুলনা ও সাতক্ষীরার আড়তদারেরা এসব মাছ কিনে বিভিন্ন পথে পশ্চিমবঙ্গে পাঠাচ্ছেন।
পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্রের ব্যবসায়ীরা জানান, ১৫ দিন ধরে সাগরে প্রচুর ইলিশ ধরা পড়লেও খুলনা, সাতক্ষীরা, যশোরের ব্যবসায়ীরা তা কিনে নিয়ে ভারতে পাচার করে দিচ্ছেন।
গত সোমবার পাথরঘাটা মৎস্য অবতরণকেন্দ্রে গিয়ে দেখা যায়, ২০-২৫টি ট্রাক ইলিশ বোঝাই করে খুলনা, সাতক্ষীরা ও যশোরের উদ্দেশে রওনা হওয়ার অপেক্ষায় আছে। প্রতিদিন এই অবতরণকেন্দ্র থেকে কয়েক হাজার মণ ইলিশ চালান হচ্ছে এসব এলাকায়। আর এর বেশির ভাগই চোরাইপথে ভারতে চলে যাচ্ছে বলে ব্যবসায়ীরা জানান। কয়েকজন ট্রলারমালিক জানান, বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেরা ঢুকে মাছ ধরে নিয়ে যাচ্ছে।
কোস্টগার্ড দক্ষিণাঞ্চলের অপারেশনাল কমান্ডার লেফটেন্যান্ট হাসানুজ্জামান বলেন, ‘সাগর থেকে ইলিশ পাচার ও ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমায় যাতে প্রবেশ করতে না পারে সে জন্য আমাদের সার্বক্ষণিক টহল আছে। তবে আমাদের আওতাভুক্ত এলাকায় ভারতীয় জেলেরা আসে না।’