বগুড়ার ধুনটে যমুনা নদীতে নাব্যতাসংকটে শহরাবাড়ী ঘাট থেকে প্রায় ১৪টি পথে বেশির ভাগ নৌচলাচল বন্ধ হয়ে গেছে। ফলে মালামাল নিয়ে যাত্রীরা চলাচলে ভোগান্তিতে পড়েছেন। যাত্রী না থাকায় বেকার হয়ে পড়েছেন ঘাটে নিয়োজিত ৫০০ জন মাঝি ও শ্রমিক।
গত বুধবার সকালে সরেজমিনে দেখা যায়, শহরাবাড়ী ঘাটে বাঁধা আছে অনেক নৌকা। কিন্তু যাত্রী নেই। ঘাটে মালপত্র নিয়ে কয়েকজন অপেক্ষা করছেন। ঘাট ইজারাদার ইয়াকুব আলী মুন্সী বলেন, বগুড়া জেলা পরিষদ ধুনট উপজেলার ভান্ডরাবাড়ী ইউনিয়নে যমুনা নদীর শহড়াবাড়ী নৌঘাট এ বছর ১৮ লাখ টাকায় ইজারা দিয়েছে। নদীর এ ঘাট থেকে ইঞ্জিনচালিত শ্যালো মেশিনের নৌকায় যাত্রী ও ব্যবসায়ীরা মালামাল নিয়ে প্রতিদিন বৈশাখী চর, নাটুয়ারপাড়া, শংকরপুর, সানন্দঘাট, বোয়াল চর, মাঝিড়া, মল্লিকপাড়া, মেলান্দহ চর, কালীবাড়ি, শনপচা, ধারা বর্ষা, তারাকান্দি ও কেষ্টার চরে যাতায়াত করেন। কিন্তু এখন নদীর পানি কমে গিয়ে নৌচলাচল বন্ধ হয়ে গেছে।
নৌকার মাঝি সোহরাব আলী বলেন, ‘যমুনার পানি কইমা চর জাইগা গ্যাছে। অনেক ঘুইরা অনেক ঠেইলা-ঠুইলা যাইতে হয়। আর যাত্রীও বেশি নাই। তেল খরচা অনেক বেশি হয়।’
নৌকার মালিক আবদুস সালাম বলেন, জামালপুরের কারখানার ইউরিয়া সার এ ঘাট হয়ে বগুড়াসহ উত্তরাঞ্চলে নিয়ে আসা হয়। কিন্ত নদীতে পানি কম থাকায় এবং চর পড়ায় নৌপথ বন্ধ। এ কারণে কারখানা থেকে সার আনা যাচ্ছে না।
নৌকার মালিক জুবায়ের হোসেন বলেন, গত দুই মাসে হরতাল-অবরোধের কারণে ঘাটে যাত্রী ও ব্যবসায়ীরা কম এসেছেন। এখনো নৌচলাচল বন্ধ। নৌকা কম চলায় এ বছর নদীতে বেশি পলি পড়েছে। আয় না থাকায় প্রায় ৫০০ মাঝি ও শ্রমিক অভাবে দিন কাটাচ্ছেন। নৌঘাটের শ্রমিক শাহজাহান আলী বলেন, ‘যমুনা নদীর ভাঙনে সব কিছু হাইরা গ্যাছে। নৌকা চললে আমাইগরে প্যাট চলে। নৌকা কাজ করে পরিবার নিয়ে বাইছা আছি। নদীতে চর জাইগা মালিকরা আর নৌকা চালায় না। আমাইগরে কেউ আর কাম দেয় না। এহন অন্য কামের লাইগা বাইরে যামু তাও হরতালের লাইগা পারছি না।’
ভান্ডরাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম বলেন, এ মৌসুমে নদী খনন (ড্রেজিং) করা হলে সমস্যার সমাধান হতো।