নৌ-ডাকাতিকালে দুই সন্তান নিয়ে গৃহবধূর নদীতে ঝাঁপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গত শনিবার যাত্রীবাহী নৌকায় ডাকাতির সময় ডাকাতদের ভয়ে দুই সন্তান নিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়া শাখাইতি গ্রামের গৃহবধূ শরীফা বেগমের (৩৬) সন্ধান দুই দিনেও মেলেনি। জীবিত উদ্ধারের আশা ছেড়ে দিয়ে স্বজনেরা লাশের সন্ধানে মেঘনাপাড়ে দিন-রাত কাটাচ্ছেন। নিখোঁজ গৃহবধূর স্বজনেরা জানান, গত শনিবার সকালে শতাধিক যাত্রী নিয়ে আশুগঞ্জের উদ্দেশে ওই নৌকাটি মেঘনা নদীর অরুয়াইল ঘাট থেকে ছেড়ে যায়। নৌকাটি উপজেলার পানিশ্বরের কালাসুতা এলাকায় পৌঁছালে যাত্রীবেশী ১৪-১৫ জন ডাকাত অস্ত্রের মুখে যাত্রীদের মারধর করে নগদ টাকা, মুঠোফোন, স্বর্ণালংকারসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতদের ছুরিকাঘাতে আহত হয় ১৫ যাত্রী। এ সময় ডাকাতদের কবল থেকে রক্ষা পেতে গৃহবধূ শরীফা বেগম তাঁর দুই সন্তান কাউছার মিয়া (১৪) ও নয়নমনিকে (৮) নিয়ে নদীতে ঝাঁপ দেন। পরে দুই সন্তান সাঁতরে তীরে উঠলেও ঘটনার পর থেকে শরীফা নিখোঁজ রয়েছেন। পরিবারের আশঙ্কা, শরীফা বেঁচে নেই। গতকাল রোববার সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, লাশের অপেক্ষায় মেঘনাপাড়ে অবস্থান করছে নিখোঁজ শরীফা বেগমের পাঁচ সন্তান রোজিনা, কাউছার, মনির, তোফাজ্জল, নয়নমনিসহ স্বজনেরা। লাশ উদ্ধারের আশায় নদীতে ঘটনাস্থলের আশপাশে জাল ফেলা হচ্ছে। তবে গতকাল সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শরীফার কোনো সন্ধান পাওয়া যায়নি।শরীফার বাবা মো. আবু তাহের অভিযোগ করেন, শরীফাকে উদ্ধারে থানাপুলিশের কোনো সহযোগিতা পাওয়া যচ্ছে না। স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য শাখাইতি গ্রামের বাসিন্দা আবদুল আলীম অভিযোগ করেন, মেঘনায় ডাকাতির ঘটনায় অভিযোগ দেওয়ার পরও পুলিশ যথাসময়ে ঘটনাস্থলে আসেনি। তবে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, অভিযোগ সত্য নয়।