নৌ-দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপথে আর নয় দুর্ঘটনা, নয় মৃত্যুর মিছিল—এই দাবি জানিয়ে গতকাল রোববার বরিশাল ও শরীয়তপুর জেলা শহরে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। প্রথম আলোর বদলে যাও বদলে দাও মিছিলের অংশ হিসেবে প্রথম আলো বন্ধুসভা এ কর্মসূচি পালন করে। এতে বন্ধুসভার সদস্য ছাড়াও শিক্ষক, শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সাংস্কৃতিককর্মী, সংগঠকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। সমাবেশে বক্তারা নৌপথে দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। বরিশাল নগরের মুক্তিযোদ্ধা পার্কসংলগ্ন (বিআইডব্লিউটিএর মেরিন ওয়ার্কশপ) কীর্তনখোলা নদীর পাড়ে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মানববন্ধন শুরু হয়। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) বরিশাল জেলার সভাপতি আক্কাস হোসেন প্রবীণ চিকিৎসক সৈয়দ হাবিবুর রহমান, বরিশাল বিভাগ উন্নয়ন ও সংরক্ষণ কমিটির সদস্যসচিব মিজানুর রহমান, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বরিশালের সম্পাদক রণজিৎ দত্ত, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য নজরুল হক, গণফোরাম বরিশাল জেলা আহ্বায়ক হিরণ কুমার দাস, খেলাঘর বরিশাল জেলার সাবেক সাধারণ সম্পাদক শুভংকর চক্রবর্তী, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রতিনিধি এস এম শাহজাদা, মুক্তিযোদ্ধা এম জি কবির প্রমুখ। তাঁরা নৌপথের নাব্যতা ফিরিয়ে এনে রাতে নৌযান চলাচলে পথ নির্দেশক বয়া ও বিকন বাতি দেওয়ার দাবি জানিয়েছেন। সকালে শরীয়তপুর সরকারি কলেজের সামনে শরীয়তপুর-মাদারীপুর সড়কের দুই পাশে বিশাল মানববন্ধনে অংশ নেন শতাধিক মানুষ। এ সময় বক্তব্য দেন শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ আলী হোসেন মিয়া, সহকারী অধ্যাপক গৌর চৌধুরী, প্রভাষক আকতার হোসেন, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম মাদবর, শরীয়তপুর বন্ধুসভার উপদেষ্টা কাজী নজরুল ইসলাম প্রমুখ।