নৌ-দুর্ঘটনা রোধে মাস্টারশিপ পরীক্ষায় দুর্নীতি বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্র পরিবহন অধিদপ্তরের অধীনে অনুষ্ঠিত মাস্টারশিপ পরীক্ষায় ব্যাপক দুর্নীতির অভিযোগ এনে অবিলম্বে তা বন্ধ করার দাবি জানিয়েছে নৌ, সড়ক ও রেল খাত রক্ষা জাতীয় কমিটি। গতকাল শুক্রবার সকালে রাজধানীর পুরানা পল্টনে মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, নৌ-দুর্ঘটনা প্রতিরোধের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে সব ধরনের নৌযানে দক্ষ মাস্টার ও চালক নিয়োগ। কিন্তু অভিযোগ পাওয়া গেছে, এই দক্ষতা নিশ্চিত করতে পরীক্ষায় অংশ নিয়ে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে অনেকেই সনদ নিচ্ছেন। সংবাদ সম্মেলনে মাস্টারশিপ পরীক্ষা নিয়ে আর্থিক কেলেঙ্কারি তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন ও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা কমিটিকে পরীক্ষা কার্যক্রম থেকে বিরত রাখার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে দুর্নীতির অভিযোগ থাকা কোনো কর্মকর্তাকে দক্ষিণ কোরিয়ার অর্থ-সহায়তায় গৃহীত ৩৫৭ কোটি টাকার ‘গ্লোবাল মেরিন ডিস্ট্রেসড অ্যান্ড সেফটি সিস্টেম (জিএমডিএসএস)’ প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত না করা, এ প্রকল্পে দক্ষ ও যোগ্য কর্মকর্তাকে পরিচালক (পিডি) নিয়োগ করার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নৌ, সড়ক ও রেল খাত রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক আশীষ কুমার দে। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জল পরিবেশ ইনস্টিটিউটের চেয়ারম্যান ম. ইনামুল হক, বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের নেতা সিদ্দিকুর রহমান, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম প্রমুখ।