নৌ-দুর্ঘটনা রোধের দাবিতে লালমোহনে মানববন্ধন
ভোলার লালমোহন-ঢাকা রুটে ফিটনেসবিহীন নৌ-চলাচল বন্ধ, নৌ-দুর্ঘটনা রোধ, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন ও কোকো-৪ দুর্ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিচারের দাবিতে গতকাল শনিবার লালমোহন সদর রোডে মানববন্ধন পালিত হয়।বেলা ১১টায় শুরু হওয়া ৩০ মিনিটের এ কর্মসূচিতে সদর রোডের চৌরাস্তা মোড় থেকে হাতে হাত ধরে রাজনীতিক, ছাত্র-শিক্ষক, চাকরিজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও সর্বস্তরের মানুষ অংশ নেন। কোকো-৪ ট্রাজেডির এক বছর পূর্তিতে প্রগতিশীল শিশু-কিশোর সংগঠন ‘নব মোহনা খেলাঘর আসর’ এ কর্মসূচির আয়োজন করে। কোকো-৪ দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের জন্য নাজিরপুর লঞ্চঘাট ও মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয়।সংস্কৃতিকর্মী জসিম, জনি ও আনোয়ার রাব্বীর পরিচালনায় মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন লালমোহন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এ কে এম নজরুল ইসলাম।কোকো-৪-এর দুর্ঘটনাস্থল নাজিরপুর লঞ্চঘাটে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাতের আয়োজন করেন স্থানীয় বাসিন্দারা। এতে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সাবেক সাংসদ জসিম উদ্দিন। এ সময় তিনি সেখানে অসহায় ও দুস্থ ব্যক্তিদের মধ্যে কম্বল বিতরণ করেন।