নৌ-পারাপার বন্ধ, কড়াইল বস্তিবাসী বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গুলশান–বনানী লেকে নৌকা চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছে কড়াইল বস্তিবাসী l ছবি: আশরাফুল আলম
গুলশান–বনানী লেকে নৌকা চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছে কড়াইল বস্তিবাসী l ছবি: আশরাফুল আলম

নিরাপত্তার স্বার্থে গুলশান-বনানী লেকে নৌ-পারাপার বন্ধ করে দিয়েছে প্রশাসন। এতে কর্মহীন হয়ে পড়েছেন প্রায় ৩০০ মাঝি। কড়াইল বস্তির শিশুদের স্কুলে যাওয়া অনিয়মিত হয়ে পড়েছে। অধিবাসীরাও যাতায়াতে ভোগান্তি পোহাচ্ছে। ঝুঁকি নিয়ে শোলার ভেলায় পার হচ্ছে অনেকে।
প্রায় দুই মাস ধরে গুলশান-বনানী লেকে নৌ-চলাচল বন্ধ আছে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বি এম ফরমান আলী বলেন, গুলশান-বনানীর কূটনৈতিক এলাকার নিরাপত্তার স্বার্থে গুলশান-বনানী সোসাইটি, সিটি করপোরেশন ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের সম্মিলিত সিদ্ধান্তে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
গুলশান-বনানী লেক তিন দিক থেকে ঘিরে আছে কড়াইল বস্তিকে। এখানে প্রায় ৩০ হাজার পরিবারের বাস। বস্তি থেকে বের হয়ে মহাখালীর মূল সড়কে ওঠার জন্য এত দিন এখানকার অধিবাসীদের প্রধান বাহন ছিল নৌকা।
কড়াইল বস্তি ঘিরে ছয়টি ঘাট রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় খেয়াঘাটটি হলো বউবাজার বড় ঘাট। গত বৃহস্পতিবার সেখানে গিয়ে দেখা যায়, ঘাট ঘেঁষে শ খানেক নৌকা পানিতে ডুবিয়ে রাখা হয়েছে। ঘাটে বসে ছিলেন ফিরোজ, রহমানসহ বেশ কয়েকজন মাঝি। ফিরোজের পরিবারের সদস্যসংখ্যা আট। নৌকা বন্ধ হওয়ায় পরিবারের একমাত্র উপার্জনকারী ফিরোজ এখন বেকার। বললেন, ‘খরচ চালাইতে কষ্ট হইতাছে। আশায় আছি প্রশাসন নৌকা ছাড়ব।’ এ ঘাটে দুই পালায় প্রায় ৩০০ মাঝি কাজ করতেন। রহমান মাঝি বলেন, ‘৩০০ পরিবার না খায়া আছে।’
বউবাজার ঘাট থেকে গুলশান-১ সড়ক নৌকায় পাঁচ মিনিটের দূরত্ব। প্রতিবার পার হতে খরচ হতো দুই টাকা। কিন্তু খেয়া পারাপার বন্ধের পর কড়াইল বউবাজার থেকে বেলতলা ও টিঅ্যান্ডটি কলোনি পার হয়ে মূল সড়কে উঠতে সময় লাগে আধা ঘণ্টার বেশি। রিকশাভাড়া ৪০ থেকে ৫০ টাকা।
এই ঘাট থেকে স্কুলের শিক্ষার্থীরা বিনা খরচে নৌকা পার হতো। নিম্নবিত্ত পরিবারের এসব শিক্ষার্থী এখন দীর্ঘ সময় পায়ে হেঁটে স্কুলে যাতায়াত করছে। অপেক্ষাকৃত ছোটদের স্কুলও তাই কামাই হচ্ছে নিয়মিত। মহাখালী মডেল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র স্বপন বলে, ‘হাঁইটা যাইতে খুব কষ্ট হয়। বৃষ্টি হইলে পুরা রাস্তায় কাদা। যাওন যায় না। না গেলে তখন স্কুলে জরিমানা করে।’
পারভিন বেগম নিকেতন হাউজিং সোসাইটিতে ঠিকা ঝি হিসেবে কাজ করেন। আগে নৌকায় পার হয়ে অল্প পথটুকু হেঁটে চলে যেতেন। এখন ঘোরা পথে হেঁটে যেতে তাঁর সময় লাগে অনেক বেশি। বললেন, ‘তিন হাজার ট্যাকা পাই। ডেইলি ১০০ ট্যাকায় রিকশায় কি যাইতে পারুম? সারা দিন খাইটা সন্ধ্যায় হাঁইটা আইতে আর পাও চলে না।’
বৃহস্পতিবার দুপুরে লেকে শোলার তৈরি পাঁচ-ছয়টি ভেলায় ঝুঁকি নিয়ে অনেককে পার হতে দেখা যায়। ভেলার যাত্রীরা বলেন, তাঁরা নিরুপায় বলে এভাবে পার হচ্ছেন।
এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এত দিন অবৈধভাবে লেকে নৌকা চলছিল, যা তাঁরা বন্ধ করেছেন। আর ভেলা চালাতে নিষেধ করা হলেও বস্তির অধিবাসীরা চুরি করে চালাচ্ছে।
কড়াইল বস্তি উত্তর সিটি করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের অধীন। ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান বলেন, কূটনৈতিক জোনের নিরাপত্তার স্বার্থে ঘাট বন্ধ রয়েছে। রাজউক রাস্তা তৈরির কাজ শুরু করেছে। রাস্তা হয়ে গেলে আর ঘাট থাকবে না।