সুন্দরবনের শ্যালা নদীতে ফার্নেস অয়েলবাহী ট্যাংকার ডোবার পর যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থতার জন্য নৌপরিবহন মন্ত্রণালয়কে দায়ী করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি বলেছে, এ কারণে সুন্দরবন এলাকার পরিবেশ ও জীববৈচিত্র৵ মারাত্মক হুমকির মুখে পড়েছে।
সংসদীয় কমিটি অবিলম্বে শ্যালা নদীতে সব ধরনের জলযান চলাচল বন্ধের জন্য নৌপরিবহন মন্ত্রণালয়কে সুপারিশ করেছে। একই সঙ্গে কমিটি মংলা-ঘসিয়াখালী-মোড়েলগঞ্জ নৌপথ খনন করে তা ব্যবহার করতে বলেছে। জাতীয় সংসদ ভবনে গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি হাছান মাহমুদ সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে বলেন, তেলের ট্যাংকারটি ডোবার সঙ্গে সঙ্গে রাবারের তৈরি ভাসমান প্রতিবন্ধক তৈরি করা হলে তেল বেশি দূর ছড়াতে পারত না। কিন্তু নৌপরিবহন মন্ত্রণালয় থেকে সে ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কমিটি এ ক্ষেত্রে নৌপরিবহন মন্ত্রণালয় ও মংলা বন্দর কর্তৃপক্ষের ভূমিকায় হতাশা জানিয়েছে।
কমিটির সভাপতি বলেন, এ দুর্ঘটনার কারণে আগামী কয়েক বছরে হয়তো শ্যালা নদী ও এর আশপাশের জলসীমায় কোনো ধরনের মাছ বিচরণ করবে না। গাছ থেকে বীজ পড়লেও তা থেকে নতুন গাছ গজাবে না। আর এমন কিছু ঘটলে তা সুন্দরবনের ওপর মারাত্মক বিপর্যয় ডেকে আনবে। তিনি জানান, ডলফিনসহ সব ধরনের জলজ ও বন্য প্রাণী এবং উদ্ভিদের ওপর কী ধরনের বিরূপ প্রভাব পড়বে, তা নির্ধারণ করে পরিবেশ ও বন বিভাগকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
সাড়ে তিন লাখ লিটারের বেশি ফার্নেস অয়েল নিয়ে ওটি সাউদার্ন স্টার-৭ নামের ট্যাংকার ৯ ডিসেম্বর শ্যালা নদীতে ডুবে যায়। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের নথি থেকে জানা যায়, দুর্ঘটনার পর সুন্দরবনের ৩৫৯ বর্গকিলোমিটার এলাকাজুড়ে ওই তেল ছড়িয়ে পড়ে। মংলা বন্দরের মাত্র ১০ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটলেও তা মোকাবিলায় বন্দর কর্তৃপক্ষের কোনো প্রস্তুতি ছিল না। বন বিভাগ ১২ ডিসেম্বর থেকে ছোট নৌকা ও ইঞ্জিনচালিত নৌকার মাধ্যমে ২০০ জন শ্রমিক দিয়ে তেল সংগ্রহের কাজে নামে। ১৭ ডিসেম্বর পর্যন্ত ৬৮ হাজার ৮০০ লিটার তেল সংগ্রহ করা হয়। এ সময়ে পানিতে অক্সিজেনের গড় মান ছিল ৬ দশমকি ৮, যা সর্বনিম্ন ৫ হওয়ার কথা। পানিতে কোনো ধরনের গ্রিজ অয়েলের অস্তিত্ব পাওয়া যায়নি।