নৌকা উন্নতি দেয়, মানুষকে মর্যাদা দেয়: প্রধানমন্ত্রী
আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘নৌকা উন্নতি দেয়, সমৃদ্ধি দেয়, প্রগতি দেয়, শান্তি দেয়। নৌকা দেশের মানুষকে মর্যাদা দেয়। নৌকার দল বাংলাদেশকে স্বাধীন করেছে। নৌকায় ভোট দিলে দেশ ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা পাবে।’
আজ বুধবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে শহীদ মনু মিয়া উচ্চবিদ্যালয় জাতীয়করণ উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় শেখ হাসিনা এসব কথা বলেন। জনসভাটি অনুষ্ঠিত হয় মনু মিয়া উচ্চবিদ্যালয়ের পাশের টেক্সটাইল বিশ্ববিদ্যালয় মাঠে।
বর্তমান সরকারের আমলে ঢাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘২০০৮ সালের নির্বাচনে আপনারা নৌকায় ভোট দিয়েছিলেন। প্রতিটি এলাকায় উন্নয়ন হয়েছে। এবারও নৌকায় ভোট চাই। আগামী নির্বাচনে বিজয়ী হলে অসমাপ্ত কাজ সমাপ্ত করব। বাংলাদেশকে বিশ্ব দরবারে উচ্চ আসনে উন্নীত করব।’
বিরোধী দলের হরতাল কর্মসূচির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় এসে বিআরটিসির জন্য এক হাজার বাস কেনা হয়েছে। এর মধ্যে হরতালে ৫০-৬০টি বাস পুড়িয়ে দেওয়া হয়েছে। ক্ষমতায় এসে উনারা কিছু কিনতে পারেন না। কিন্তু পোড়াতে পারে। মানুষকে পুড়িয়ে মারা তাদের কাজ।’
ভাঙা সুটকেস জাদুর বাক্স হয়েছে
বিএনপির কর্মকাণ্ডের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, বিএনপির দুই গুণ। দুর্নীতি আর মানুষ খুন। বিএনপি ক্ষমতায় আসা মানে লুটপাট। তাদের ক্ষমতায় থাকা মানে হত্যা-সন্ত্রাস। ক্ষমতায় থেকে বিএনপি মানুষের জন্য কিছু করতে পারেনি। নিজেরা বানিয়েছেন, ভাঙা সুটকেস জাদুর বাক্স হয়ে গেছে। বিদেশে পর্যন্ত টাকা পাচার করা হয়েছে।
উনি পাস করেননি, ছেলেমেয়েরা কেন পাস করবে
পরীক্ষার সময় বিরোধী দলের হরতালের সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতি বলেন, ‘টানা হরতালে ছোট্ট শিশুদের মনটাই ভেঙে যায়। প্রস্তুতি নষ্ট হয়। বিরোধীদলীয় নেত্রীকে হরতাল না দেওয়ার অনুরোধ করেছিলাম। তিনি মানলেন না। টানা হরতাল দিলেন।’
বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উদ্দেশে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘উনি হয়তো ভাবেন তিনি (খালেদা) পাস করেননি। তাই দেশের ছেলেমেয়েরা কেন পাস করবে? এ জন্যই হরতাল।’
বিরোধীদলীয় নেতার ১৫ আগস্ট জন্মদিন পালনের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘ওই দিন উনি কেক কেটে ফুর্তি করেন। যার মনে এতটুকু দরদ নেই। মিথ্যা জন্মদিন পালন করেন। এর মাধ্যমে আসলে ১৫ আগস্টের হত্যাকারীদের উত্সাহ দেন, তাদের কুকর্মের সমর্থন করেন।’
স্থানীয় সাংসদ আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন শেখ ফজলুল করিম সেলিম, মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী প্রমুখ।